নওগাঁর দুই ছাত্র নিখোঁজ

নওগাঁর সাপাহার উপজেলার দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত শুক্রবার উপজেলার পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ওই দুই শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে সাপাহার থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ দুই ছাত্র হলো সাপাহার পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমের ছেলে আহসানুল আলম ওরফে অনুপম (১৬) ও তার বন্ধু মির্জাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দীনের ছেলে নাইমুর রহমান ওরফে দুর্জয় (১৬)। তারা দুজন বন্ধু।
পুলিশ ও নিখোঁজ দুই কিশোরের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ছয়টার দিকে আহসানুল আলম তার প্রাইভেট শিক্ষকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। একই সময় অনুপমের বন্ধু নাইমুর রহমান নওগাঁ শহরে তার খালার বাড়িতে ছোট বোনকে দেখতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের খোঁজ পাচ্ছেন না স্বজনেরা। তাদের ব্যবহৃত মুঠোফোন দুটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
অনুপমের বাবা সাজেদুল আলম বলেন, অনুপম প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার কথা বলে শুক্রবার সকাল ছয়টার দিকে বাড়ি থেকে বের হয়। দুপুরের পরেও বাড়ি না ফেরায় তার মুঠোফোনে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, সে তার বন্ধু দুর্জয়ের সঙ্গে নওগাঁয় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে। কিন্তু দুর্জয়ের বাবা নওগাঁয় খোঁজ নিয়ে যখন জানতে পারেন, তারা দুজন নওগাঁয় আত্মীয়ের বাড়িতে যায়নি, তখন থেকে আমাদের দুশ্চিন্তা বেড়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খোঁজ নিতে থাকি। কিন্তু কোথাও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মুঠোফোন দুটি বন্ধ রয়েছে।’
সাজেদুল আলম আরও বলেন, বারবার বলা সত্ত্বেও সে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে চাইত না। দুর্জয় ছাড়া অন্য কোনো সহপাঠী কিংবা প্রতিবেশীদের সঙ্গে সে খুব একটা মিশত না।
দুর্জয়ের বাবা জালাল উদ্দিন বলেন, ‘দুর্জয় নওগাঁয় তার খালার বাসায় ছোট বোনকে দেখতে যাবে বলে শুক্রবার সকাল ছয়টার দিকে বাড়ি থেকে বের হয়। কিন্তু দুপুরে খোঁজ নিয়ে জানতে পারি, সে খালার বাড়ি যায়নি। এখন আমার ছেলে ও অনুপমের কোনো খোঁজ পাচ্ছি না।’ তিনি জানান, তাঁর ছেলে লেখাপড়ায় খুব ভালো। পিইসি ও জেএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
ওই দুই কিশোরের পরিবার, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দুজনই খুব মেধাবী ছাত্র। দুজনই জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তারা দুজনই খুব ভদ্র এবং নম্র স্বভাবের। দুজনই পাঁচ ওয়াক্ত নামজ পড়ত। সব সময় দুজন একসঙ্গে চলাফেরা করত। অন্য সহপাঠীদের সঙ্গে তারা খুব একটা মিশত না। হঠাৎ কী জন্য তারা দুজন নিখোঁজ হলো তার কোনো কারণ কেউ বলতে পারছে না।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, দুই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় পৃথক দুটি জিডি হয়েছে। তাদের উদ্ধারে সব ধরনের বিষয় মাথায় রেখে অনুসন্ধান চলছে।