নওগাঁর নয়টি আদিবাসী পরিবারের খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে আদিবাসী ও মুক্তিযোদ্ধা নয়টি পরিবারের খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক ৮-১০টার দিকে উপজেলার জগদল ও জগৎনগর গ্রামের নয়টি পরিবারের বাড়ির বাইরে খলিয়ানে (বাড়ির সামনের চত্বর) রাখা খড়ের পালায় দুর্বৃত্তরা পর্যায়ক্রমে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনী ও স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওসব খড়ের পালা কোনোটি আংশিক ও কোনোটি সম্পূর্ণ পুড়ে যায়। গবাদিপশুর প্রধান খাদ্য এবং জ্বালানি হিসেবে এলাকার কৃষকেরা বাড়ির খলিয়ানে পালা দিয়ে খড়গুলো সংরক্ষণ করেছিলেন।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন জগৎনগর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, কমল মুরমু, ভায়া মার্ডি, রেসকা মার্ডি, রবেন মিস্ত্রি, জগদল গ্রামের মুক্তিযোদ্ধা লুকাস মার্ডি, ইজিকেল টুডু ও বেনীদুয়ার মিশনপাড়া গ্রামের ইমেলদা মারান্ডি ও শিরিল সরেন।
ক্ষতিগ্রস্ত আদিবাসী কৃষক শিরিল সরেন বলেন, আগুনে খড়ের পালা পুড়ে যাওয়ায় তাঁদের গবাদিপশুর খাদ্য ও জ্বালানি সংকটের মধ্যে পড়তে হবে। এলাকার আদিবাসী ব্যক্তিত্ব ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এসসি আলবার্ট সরেন বলেন, আদিবাসীদের মাঝে ভীতি সৃষ্টি করার লক্ষ্যে এলাকায় চিহ্নিত কতিপয় দুষ্কৃতকারী এ ঘটনা ঘটেয়েছে। তিনি উপজেলার সব আদিবাসীপল্লিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহলব্যবস্থা জোরদার এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের জোর দাবি জানান। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে খবর দেন।
নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক গতকাল দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. কায়মুজ্জামান খান, উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন।