বজ্রপাতে নওগাঁ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে বিস্ফোরণের কারণে জেলার পাঁচটি উপজেলায় গত শুক্রবার বিকেল ৫টা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে। গতকাল শনিবার রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নওগাঁ বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদ্যুৎ না থাকায় নওগাঁ সদর, রানীনগর, আত্রাই, বদলগাছী, মহাদেবপুর উপজেলা ও নওগাঁ পৌরসভার প্রায় ২ লাখ গ্রাহক দুর্ভোগের শিকার হন। এতে হাসপাতালে জরুরি সেবা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েন। বিদ্যুৎ না থাকায় পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে পৌর বাসিন্দারা। এদিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরতে পিডিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
পিডিবি নওগাঁর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার বিকেল ৫টায় বজ্রপাতের ফলে বিদ্যুৎ সরবরাহ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বাসবারের যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে আগুন লাগে। এ অগ্নিকাণ্ড বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমের সুইচবোর্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে পাওয়ার কেব্লগুলো পুড়ে যায়। বিস্ফোরণের পরপরই পিডিবি রাজশাহী বিভাগীয় প্রধান প্রকৌশলী রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বিদুৎ সরবরাহ পুনরায় সচল করতে পিডিবির রাজশাহী, বগুড়া ও নওগাঁ অঞ্চলের কয়েকটি দল কাজ করছে।’
পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১-এর ব্যবস্থাপক এনামুল হক প্রামাণিক বলেন, পিডিবির বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় পল্লী বিদ্যুতের পাঁচটি সাব-সেন্টার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এতে নওগাঁ সদর, বদলগাছী, রানীনগর, আত্রাই ও মহাদেবপুরের পল্লী বিদ্যুতের প্রায় ১ লাখ ৭৫ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এদিকে বিদ্যুৎ না থাকায় নওগাঁ সদর হাসপাতাল, বিদ্যুৎহীন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে হাসপাতালের জরুরি সেবা।
নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন তৌফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে আমার মাকে উচ্চ রক্তচাপের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করাই। কিন্তু শুক্রবার বিকেল ৫টা থেকে বিদ্যুৎ না থাকায় মাকে নিয়ে খুবই সমস্যায় পড়েছি।’
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এমদাদুল হক বলেন, ‘বিদ্যুৎ না থাকায় হাসপাতালের জরুরি সেবা চালু রাখা অসম্ভব হয়ে পড়েছে। জেনারেটর এক নাগারে চালু রাখা সম্ভব না হওয়ায় গরমে রোগীরা হাঁসফাঁস করছেন।’