নওগাঁর মহাদেবপুরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির দুই পক্ষ একই সময়ে একই জায়গায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ডাকায় নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন আজ রোববার বিকেলে এই সিদ্ধান্ত নেয়।

এলাকাবাসী ও বিএনপির দলীয় সূত্রে জানা যায়, উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজী হাটে আজ বিকেলে আগামী সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ফজলে হুদা বাবুল ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। অন্যদিকে সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপির নেতা আকতার হামিদ সিদ্দিকীর সমর্থকেরা একই স্থানে একই সময়ে আরেকটি পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা আজ সকালে মাইকে প্রচার করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় উপজেলা প্রশাসন ওই এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। আজ বেলা তিনটা থেকে পরবর্তী ১০ ঘণ্টা ১৪৪ ধারা বলবত্ থাকবে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, বিএনপির দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন দুপুর ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান জানান, মাত্র ৫০ গজের ব্যবধানে বিএনপির দুই পক্ষ মঞ্চ তৈরি করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফজলে হুদা বাবুল বলেন, মাতাজীহাটে রাইগাঁ ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনীর ঘোষণা আমরা সাত দিন আগে দিয়েছি। কিন্তু সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীর লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আরেকটি অনুষ্ঠানের ঘোষণা দিয়ে এ এলাকায় বিএনপিকে দুর্বল করে দিলেন।

এ বিষয়ে বিএনপির নেতা আকতার হামিদ সিদ্দিকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার জানান, ফজলে হুদা বাবুল নামের এক ব্যক্তি উপজেলা ও ইউনিয়ন বিএনপিকে না জানিয়ে এসব চক্রান্ত করছেন। আজ রাইগাঁ ইউনিয়ন বিএনপির কর্মসূচির জায়গায় ফজলে হুদা বাবুল কর্মসূচি আহ্বান করায় এ পরিস্থিতির সৃষ্টি হলো।