নওগাঁর সঙ্গে ঢাকা ও রাজশাহীর বাস চলাচল শুরু
নওগাঁর সঙ্গে ঢাকা ও রাজশাহীর সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। পাঁচ দিন ধর্মঘট চলার পর রাজশাহী বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপে গতকাল শুক্রবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী আঞ্চলিক কমিটির সঙ্গে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বন্দ্বের জের ধরে গত সোমবার থেকে ঢাকা ও রাজশাহীর সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক হয়। সেখানে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার মধ্যে আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহনমালিক ও শ্রমিকনেতাদের নিয়ে সভা করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হেলাল উদ্দিন আহম্মেদ। সভায় বিভিন্ন সড়কে বাস চলাচল নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।