নওগাঁর সব হাসপাতালে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর হাসপাতালসহ জেলার সব কটি স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসক, সেবিকা ও কর্মচারীরা। গত সোমবার মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, মেডিকেল সার্টিফিকেট নেওয়াকে কেন্দ্র করে গত সোমবার ২০-২৫ জন সন্ত্রাসী মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালায়। হামলায় হাসপাতালের চিকিৎসক, সেবিকা, কর্মচারীসহ ১০ জন আহত হন। সন্ত্রাসীরা এ সময় হাসপাতালের ভেতরে ভাঙচুর চালায়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আখতারুজ্জামান জানান, সন্ত্রাসীদের হামলায় তিনিসহ চিকিৎসক দেবাশীষ দাস, ডেন্টাল বিভাগের চিকিৎসা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জ্যেষ্ঠ সেবিকা শিল্পী খানম, ল্যাব সহকারী মিঠুন কুমার দেবনাথ ও রোগীদের কয়েকজন স্বজন আহত হন।

গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল লতিফ কয়েক দিন ধরে তাঁর এক রোগীর জন্য মেডিকেল সনদ দাবি করে আসছিলেন। এ নিয়ে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয়। এ ঘটনার জের ধরে সোমবার ২০-২৫ জন লোক নিয়ে আবদুল লতিফ ওই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল জব্বার বাদী হয়ে আবদুল লতিফসহ ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নওগাঁ শাখার সাধারণ সম্পাদক হাবিব নেওয়াজ জানান, ঘটনার পর সোমবার রাতে জেলা বিএমএর এক জরুরি সভায় হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। সিভিল সার্জন আলাউদ্দিন জানান, কর্মবিরতি চললেও সব হাসপাতালের জরুরি বিভাগ খোলা রয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, এ ঘটনায় সেজদাদুল ও আফজাল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।