নওগাঁর স্কুলে ক্লাস নেয় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকটের কারণে শিক্ষার্থী দিয়ে পাঠদান চলছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার দামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে এ বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ তিনজন না থাকায় জোড়াতালি দিয়ে চলছে পাঠদানের কাজ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আফরোজা বলেন, ‘দ্রুত এখানে শিক্ষক সমস্যার সমাধান না হলে বিদ্যালয় চালানো কঠিন হয়ে পড়বে। আমরা মাত্র দুজন শিক্ষক। একজন দাপ্তরিক কাজে উপজেলা সদরে গেলে বা ছুটিতে থাকলে আরেকজনকে বিদ্যালয় সামলাতে হয়। একই সময়ে একই সঙ্গে তিনটি শ্রেণীতে তো আর পাঠদান সম্ভব নয়। তাই নিরূপায় হয়ে মেধাবী ছাত্রছাত্রীদের দিয়ে মাঝেমধ্যে শ্রেণীর পাঠদান করানো হয়।’
১৭ এপ্রিল উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, চতুর্থ শ্রেণীর ছাত্র তুহিন গণিত বিষয়ে নিজ শ্রেণীকক্ষে সহপাঠীদের পাঠদান করাচ্ছে। ঘড়িতে তখন বেলা একটা ৫ মিনিট। অপর দুই সহকারী শিক্ষক নূরে আফরোজা ও বিউটি বেগম তখন পঞ্চম ও চতুর্থ শ্রেণীতে ক্লাস নিচ্ছেন।
তুহিন জানায়, সে শিক্ষকদের পরামর্শে নিয়মিত নিজের সহপাঠীদের ক্লাস নেয়।
কথা হয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হ্যাপী, সঞ্চৃতি, সিহাব ও লিটনের সঙ্গে। তারা জানায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক না থাকায় তারাই শিক্ষকের কাজ করে যাচ্ছে। তবে তারা জানায়, শিক্ষকের অভাবে পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। কেউ লেখাপড়ায় মনোযোগী হতে পারছে না। এ অবস্থা চলতে থাকলে আগামী পিএসসি পরীক্ষায় তাদের ফলাফল খারাপ হবে।
ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তামান্নার বাবা রবিউল ইসলাম জানান, শিগগিরই বিদ্যালয়ের শিক্ষক-সংকট নিরসন না হলে তাঁর মেয়েকে পাশের কোনো বিদ্যালয়ে ভর্তি করাবেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২১৯ জন। এখানে প্রধান শিক্ষকসহ অনুমোদিত পাঁচজন শিক্ষকের মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন দুজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা ২০১২ সালের ১ জুলাই চাকরি থেকে অব্যাহতি নেন। ফলে প্রধান শিক্ষকের পদটি শূন্য হয়। এরপর উপজেলা শিক্ষা কার্যালয় রহস্যজনক কারণে গত বছরের ৩০ মার্চ এ বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হাসমত আরাকে বদলি করে। ফলে বিদ্যালয়ে শুরু হয় শিক্ষক-সংকট। এরপর চলতি বছরের ১৫ মার্চ আরেক সহকারী শিক্ষক বজলুর রহমান অবসরে যান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান আলী শেখ বলেন, শিক্ষক সংকট নিরসনে স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তাকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোখলেসুর রহমান বলেন, বর্তমানে শিক্ষক বদলির বিষয়টি বন্ধ থাকায় সমস্যার সমাধান করা যাচ্ছে না। তবে এই নির্দেশ শিথিল হলে সমস্যা কেটে যাবে।
জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বদলিজনিত সমস্যার কারণে অনেক বিদ্যালয়ে কিছু কিছু সমস্যা রয়েছে। তবে অচিরেই এসব সমস্যার সমাধান করা হবে।