নওগাঁ ৪৬ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা রাষ্ট্রদ্রোহের মামলায় আগামী ২৫ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।বান্দরবানের থানচির ১০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় গতকাল সোমবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। একই দিন আসামিরা সাক্ষীদেরও জেরা করেন। বিডিআরের এক সদস্য গতকাল আদালতে তাঁর দোষ স্বীকার করেন।আদালত সূত্র জানায়, নওগাঁয় ৪৩ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিডিআরের বিশেষ আদালত-১২তে গতকাল সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগে মামলার আসামি ৪৬ রাইফেল ব্যাটালিয়নের ১১ জন বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হয়। ৪৬ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ও বিশেষ আদালতের কৌঁসুলি মেজর মঞ্জুর আজিজ মামলার অভিযোগপত্র আদালতে পড়ে শোনান এবং আসামিদের শাস্তি দাবি করেন। শুনানি শেষে বিশেষ আদালতের বিচারক বিডিআরের রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান আগামী ২৫ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করে দুপুর ১২টার দিকে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।থানচির ১০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় চট্টগ্রামের বাইতুল ইজ্জতে অবস্থিত রাইফেল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (আরটিসিএস) স্থাপিত বিশেষ আদালত-১৬তে গতকাল সকাল নয়টা ৩৫ মিনিটে বিচার কার্যক্রম শুরু হয়। আদালতে বিচারক প্যানেলে সভাপতি ছিলেন রাঙামাটি বিডিআর সেক্টরের অধিনায়ক কর্নেল বশিরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল আবদুর রউফ, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি গৌতম কুমার রায় ও মেজর এম এ রাকিব।প্রথদ দিন প্রথমে সাক্ষ্য দেন মামলার বাদী সুবেদার সুলতান আহমেদ। পরে লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আলী যায়ীদ ও লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন সাক্ষ্য দেন। এরপর আসামিরা সাক্ষীদের জেরা করেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় আদালত আবার বসবে। এদিকে বিডিআর বিদ্রোহের সময় সিগন্যাল ইউনিটে কর্মরত ওয়াহিদুর রহমান গত রোববার নিজেকে নির্দোষ দাবি করলেও গতকাল লিখিত আবেদনের মাধ্যমে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত তাঁর আবেদন গ্রহণ করেন।