নওগাঁয় আ.লীগ-বিএনপি অস্বস্তিতে
অভ্যন্তরীণ কোন্দল এবং স্বদলীয় ‘বিদ্রোহী’ প্রার্থীর কারণে নওগাঁর ছয়টি উপজেলার মধ্যে চারটিতে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা অস্বস্তিতে পড়েছেন। আবার কয়েকটি উপজেলায় বিএনপির জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন দলটির মিত্র জামায়াত-সমর্থিত প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর ছয়টি উপজেলা—নওগাঁ সদর, আত্রাই, বদলগাছি, নিয়ামতপুর, পত্নীতলা ও সাপাহারে ভোট হবে। মুখে নির্দলীয় নির্বাচন বলা হলেও কার্যত দলগত এ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই দলের কর্মী-সমর্থকদের পদচারণে সরগরম পুরো এলাকা।
নওগাঁ সদরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক সাংসদ নির্বাচিত হওয়ার পর ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। এবারের নির্বাচনে আওয়ামী লীগ তাঁকে সমর্থন দিলেও দলটির জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় অনেক নেতাই তাঁর পক্ষে নেই। প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী আবু বকর সিদ্দিকের জন্য এটা ইতিবাচক হয়ে দেখা দিয়েছে।
সাপাহার উপজেলায় বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল নুর। এ নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী রোস্তম আলীর কারণে কিছুটা বেকায়দায় পড়েছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী শামসুল আলম শাহ চৌধুরীর অস্বস্তির কারণ নিজ দলের অভ্যন্তরীণ কোন্দল। দলের কর্মীদের একাংশ তাঁর বিরুদ্ধে সোচ্চার।
বদলগাছি উপজেলায় আওয়ামী লীগ সমর্থন দিয়েছে বর্তমান চেয়ারম্যান আবু জাফর মো. শফি মাহমুদকে। এখানে তাঁর দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন দুজন। এ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী কে তা নিয়ে নানামুখী বক্তব্য পাওয়া গেছে।
বদলগাছি উপজেলা বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের আহ্বায়ক গোলাম রব্বানি জানিয়েছেন, তৃণমূলের সমর্থন নিয়ে তাঁরা মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরীকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সমর্থনপুষ্ট মীর মহিউদ্দিন আলমগীরের সমর্থকেরা বলেন, তিনিই বিএনপি সমর্থিত প্রার্থী।
নিয়ামতপুর উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী বর্তমান চেয়ারম্যান এনামুল হক। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী ছাদরুল আমিন চৌধুরীর পাশাপাশি জামায়াতের নেতা সালেকুর রহমানও প্রার্থী হয়েছেন।
পত্নীতলা উপজেলাও আওয়ামী লীগের একক প্রার্থী। তিনি হলেন বর্তমান চেয়ারম্যান আবদুল গাফফার। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল হামিদের পাশাপাশি দলের আরেক নেতা (বিদ্রোহী প্রার্থী) আনিসুর রহমান শেখও লড়ছেন।
আত্রাই উপজেলায় বর্তমান চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক এবারও আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। তাঁর সঙ্গে লড়ছেন একই দলের বহিষ্কৃত একজন নেতা। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলামের সঙ্গেও একই দলের একজন ‘বিদ্রোহী প্রার্থী’ লড়ছেন।
স্থানীয় ভোটার এবং দলের নেতা-কর্মীরা জানান, এবারের নির্বাচনে প্রধান দুই দলের রাজনৈতিক সমীকরণের পাশাপাশি প্রার্থীদের ব্যক্তিগত দিকও ভোটারদের বিবেচনায় থাকছে। আওয়ামী লীগের প্রয়াত নেতা (সাবেক সাধারণ সম্পাদক) আবদুল জলিল ‘ফ্যাক্টরও’ কাজ করছে।