নওগাঁয় আ.লীগ-বিএনপি উভয়েই অস্বস্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, দলীয় প্রার্থী বিষয়ে অসন্তোষের কারণে নির্বাচনে ক্ষতিগ্রস্ত হতে পারেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। আবার কয়েকটি উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং জামায়াতের প্রার্থী থাকায় ঝুঁকিতে পড়তে পারেন বিএনপি-সমর্থিত প্রার্থীরাও।


কাল বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর ছয়টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। নওগাঁ সদর, আত্রাই, রানীনগর, নিয়ামতপুর, পত্নীতলা ও সাপাহার উপজেলায় ভোট নিয়ে উত্সাহের আমেজ দেখা গেছে। নির্দলীয় নির্বাচন হলেও দলীয় সমর্থন ও সহযোগিতার কারণে অনেকটাই দলীয় নির্বাচনের মতোই কাজ করছেন দলীয় কর্মী-সমর্থকেরা।

নওগাঁর বেশ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র পাওয়া গেছে। তবে স্থানীয় সরকারের এই নির্বাচনে নওগাঁর বেশ কয়েকটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন। কয়েকটি উপজেলায় দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করছেন না প্রভাবশালী নেতারা। বিএনপির ক্ষেত্রেও চিত্র অনেকটাই কাছাকাছি। কয়েকটি উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। কয়েকটি জায়গায় বিএনপির পাশাপাশি জামায়াতেরও প্রার্থী রয়েছেন।

নওগাঁ সদর উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক সাংসদ নির্বাচিত হওয়ার পর ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। এবারের নির্বাচনে আওয়ামী লীগ তাঁকে সমর্থন দিলেও জেলার শীর্ষ অনেক নেতাই তাঁর পক্ষে নেই। মাঠেও নেই তাঁরা। এটা বিএনপি-সমর্থিত প্রার্থী আবু বকর সিদ্দিককে অনেকটাই এগিয়ে রাখছে।

সাপাহার উপজেলায় বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল নুর। এখানে জামায়াতের প্রার্থী রোস্তম আলীর কারণে কিছুটা কোণঠাসা বর্তমান চেয়ারম্যান। আওয়ামী লীগের শামসুল আলম শাহ চৌধুরীও দলের কর্মীদের ক্ষোভের কারণে অনেকটাই বিব্রত। কিন্তু সাধারণ মানুষের ধারণা, নির্বাচনে মূল লড়াইটা হবে মূল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।

বদলগাছি উপজেলায় আওয়ামী লীগ সমর্থন দিয়েছে বর্তমান চেয়ারম্যান আবু জাফর মো. শফি মাহমুদকে।এখানে তাঁর দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন দুজন।এই উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী কে তা নিয়ে নানামূখী বক্তব্য পাওয়া গেছে।বদলগাছি উপজেলা ১৯-দলের আহ্বায়ক গোলাম রব্বানি মুকুল জানিয়েছেন, তৃণমূলের সমর্থন নিয়ে তারা মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরীকে সমর্থন দিয়েছেন।অন্যদিকে সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীর সমর্থনপুষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মহিউদ্দিন আলমগীরের সমর্থকরা দাবি করছেন তিনি বিএনপির-সমর্থিত প্রার্থী।তবে উপজেলা এবং জেলা বিএনপির নেতারা কেউ এ বিষয়ে পরিস্কার করে কিছু বলছেন না।এ উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে।


নিয়ামতপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে বর্তমান চেয়ারম্যান এনামুল হককে। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী ছাদরুল আমিন চৌধুরীর পাশাপাশি জামায়াতের নেতা সালেকুর রহমানও রয়েছেন।
পত্নীতলা উপজেলার বর্তমান চেয়ারম্যান আবদুল গাফফার এবারও সমর্থন পেয়েছেন আওয়ামী লীগের। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী আব্দুল হামিদের পাশাপাশি বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান শেখ রয়েছেন।

আত্রাই উপজেলায় বর্তমান চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক এবারও লড়ছেন। এখানে তাঁর দল আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত একজন প্রার্থীও রয়েছেন লড়াইয়ে। বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলামের পাশাপাশি বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমান রজারও ভোটের লড়াইয়ে রয়েছেন।

স্থানীয় ভোটার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে প্রধান দুই দলের রাজনৈতিক সমীকরণের পাশাপাশি প্রার্থীদের ব্যক্তিগত নানা দিকও ভোটারদের বিবেচনায় থাকছে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ‘আব্দুল জলিল ফ্যাক্টর’ও কাজ করছে ভোটের মাঠে।

সদর উপজেলার দোগাছি গ্রামের আফজাল হোসেন বললেন, আব্দুল জলিল শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না। তিনি নওগাঁরই নেতা। তাঁকে আওয়ামী লীগ গত মেয়াদে যথাযথ সম্মান দেয়নি। সে কারণে নওগাঁবাসী এই দলের ওপর ক্ষুব্ধ।

বাংলা ভাইয়ের উত্থান এবং প্রভাবিত এলাকা হিসেবে নওগাঁর আত্রাই, রানীনগর পরিচিত ছিল। কিন্তু এবারের ভোটের লড়াইয়ে এটা কেমন ভূমিকা রাখছে, সে বিষয়ে অনেকেই সন্দিহান। প্রথম পর্যায়ে রানীনগর উপজেলার নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন বিএনপি প্রার্থী।
নওগাঁর ছয় উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী মোট ২৬ জন। ভাইস চেয়ারম্যান পদে ২০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১৬ জন। এখানে মোট ভোটার নয় লাখ ৯৫ হাজার ৪০৫ জন।