নওগাঁয় আগাম শিম চাষে লাভবান কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগাম শিম চাষে লাভবান হচ্ছেন নওগাঁর চাষিরা। মাঠে মাঠে শিম তুলতে ব্যস্ত কিষানিরা। ছবিটি নওগাঁর সদর উপজেলার চক আতিথা গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
আগাম শিম চাষে লাভবান হচ্ছেন নওগাঁর চাষিরা। মাঠে মাঠে শিম তুলতে ব্যস্ত কিষানিরা। ছবিটি নওগাঁর সদর উপজেলার চক আতিথা গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রামের কৃষক আনারুল ইসলামের দেড় বিঘা জমিতে আগাম শিম চাষে খরচ হয়েছে ৬৫ হাজার টাকা। এখন প্রতিদিন গড়ে শিম উঠছে চার মণ। ৩ হাজার টাকা মণে প্রতিদিন বিক্রি হচ্ছে ১২ হাজার টাকার শিম। এই হিসাবে মাসে প্রায় এক লাখ টাকা আয় হওয়ার কথা।
আনারুলের মতো নওগাঁ সদর উপজেলার বর্ষাইল, তিলকপুর, বোয়ালিয়া, কীর্তিপুর, মহাদেবপুর উপজেলার ভীমপুর, চেরাগপুর, চান্দাস, ধামইরহাট উপজেলার আলমপুর, আড়ানগর ইউনিয়নের কৃষকেরা আগাম শিম চাষে ব্যাপক লাভবান হচ্ছেন। অনুকূল আবহাওয়ায় শিমের ভালো ফলন এবং বাজারেও উচ্চমূল্য পাওয়ায় চাষিরাও বেশ খুশি।
গত শুক্রবার দেখা গেছে, নওগাঁ সদর উপজেলার বর্ষাইল, কীর্তিপুর, মহাদেবপুরের ঝাড়গ্রাম, লক্ষ্মীপুর, চান্দাস, ভালাইন, এনায়েতপুরসহ বিভিন্ন এলাকার মাঠে এখন শিমের চাষ হচ্ছে। জেলার বিভিন্ন এলাকার ৩০-৩৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে এসব এলাকায় মূলত শীতকালে শিমের চাষ হতো। তখন বাড়ির আঙিনায় ও পতিত জমিতে পরিবারের চাহিদা মেটাতে শিমের চাষ হতো। অন্যান্য ফসলের চেয়ে শিম চাষ করে বেশি লাভ হওয়ায় এবং স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে নওগাঁর বর্ষাইল ও কীর্তিপুরে চার-পাঁচ বছর আগে আগাম শিমের চাষ শুরু হয়। এখন কৃষকের বাড়ির আঙিনা পেরিয়ে বিস্তীর্ণ মাঠেও চাষ হচ্ছে শিম। নতুন শিমের চাহিদা বেশি থাকায় বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।
সদর উপজেলার বর্ষাইল ও কীর্তিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের মাঠগুলোতে ধানের পাশাপাশি চাষ হয়েছে আগাম শিমের। ভালো দাম থাকায় শিম নিয়ে যেনো উৎসবে মেতে আছেন কৃষকেরা। কৃষক পরিবারের নারী ও পুরুষ সবাই শিম তোলা, শিমগাছের যত্ন নেওয়ায় ব্যস্ত।
বর্ষাইল গ্রামের কৃষক রেজাউল, আলমগীর, এনামুল হক, আসলামসহ সাত-আটজন বলেন, শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকেই তাঁরা আগাম শিম তুলতে শুরু করেছেন। শিমের পাশাপাশি তাঁরা আগাম বেগুন ও শসার চাষ করেছেন। তাঁরা বলেন, যেকোনো সবজি যদি মৌসুমের শুরুতেই বাজারে তোলা যায়, তবে তার দাম যেমন বেশি পাওয়া যায়, তেমনি চাহিদাও বেশি থাকে। তাঁদের মতো আগাম শিম চাষে লাভবান হওয়া সদর উপজেলার হাঁপানিয়া গ্রামের আদিবাসী নারী মিনা রানী বলেন, এবার ফলন ও দাম ভালো পেয়ে তাঁর সংসারের অভাব দূর হয়েছে। তাঁর এ সাফল্যে গ্রামের অন্য গৃহিণীরাও আগাম সবজি চাষে আগ্রহী হচ্ছেন। সতি কাঠা জমিতে চাষ করা শিম থেকে এখন প্রায় ৩০ হাজার টাকার ফসল বিক্রি করতে পেরেছেন বলে জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছর জেলার ১১টি উপজেলায় ৩ হাজার ৪০০ হেক্টর জমিতে আগাম শিমের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে সদর উপজেলায় ১ হাজার ৮০০ হেক্টর জমিতে। দ্বিতীয় স্থানে আছে মহাদেবপুর। এই উপজেলায় আগাম শিমের চাষ হয়েছে ৭৪০ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে এ বছর জেলায় ৭০০ হেক্টর বেশি জমিতে আগাম শিমের চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা বলেন, সাধারণত আগাম সবজি চাষে পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে। তবে কৃষকেরা এখন সচেতন হওয়ায় যেকোনো সমস্যায় তাঁরা সরাসরি স্থানীয় কৃষি কার্যালয়ের পরামর্শ নেন। এবার চলতি মৌসুমের শুরুতেও আগাম শিমের খেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছিল। কিন্তু কৃষি বিভাগের পরামর্শ ও সুষ্ঠু পরিচর্যায় শেষ পর্যন্ত শিমের ফলন ভালো হচ্ছে।