নওগাঁয় আমনের বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে নওগাঁয় লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হাজার ৪০০ হেক্টরের বেশি জমিতে আমন ধানের চাষ হয়েছে। এবার জেলায় আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকেরা ইতিমধ্যে আমন ধান কাটতে শুরু করেছেন। তবে বাজারে ধানের দাম কম হওয়ায় তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলায় এক লাখ ৯৮ হাজার ৭৪৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দুই লাখ নয় হাজার ১৫৫ হেক্টর জমিতে কৃষক আমন চাষ করেছেন। সদর উপজেলার পাড়বোয়ালিয়া গ্রামের কৃষক নসিরউদ্দিন জানান, তিনি এক বিঘা জমিতে আগাম জাতের আমন চাষ করে গতবার নয় মণ ধান পেয়েছিলেন। এবার একই পরিমাণ জমিতে চাষ করে ১২ মণ পেয়েছেন। রানীনগর উপজেলার বিশিরা গ্রামের আজিজার রহমান জানান, এবার ধানের ফলন ভালো হবে। গতবার তিনি এক বিঘায় চাষ করে ১২ মণ ধান পেয়েছিলেন। এবার সেই জমিতে ১৫-১৬ মণ ধান পেয়েছেন। কিন্তু বাজারে ধানের দাম কম হওয়ায় তাঁর মন ভালো নেই।নওগাঁ সদর উপজেলার খাগরকুড়ি গ্রামের কৃষক দুলাল হোসেন জানান, এখন পর্যন্ত সরকারিভাবে আমন ধানের দাম নির্ধারণ করা হয়নি। বাজারে প্রতি মণ ধান ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ দামে ধান বিক্রি করলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।