নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে বৈশাখী মাল্টিপারপাস সোসাইটি নামের একটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা এক হাজার আমানতকারীর প্রায় আড়াই কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে কয়েকজন আমানতকারী তাঁদের লাভের টাকা আনতে গিয়ে সমিতির কার্যালয় বন্ধ দেখেন। তাঁরা খোঁজখবর নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কোনো সন্ধান পাননি। পরদিন রোববার ভুক্তভোগীরা এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। জেলা প্রশাসক এনামুল হক বলেন, স্মারকলিপি পাওয়ার পরপরই অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) পাঠানো হয়েছিল। সমবায় অফিসের সঙ্গে কথা বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশের মাধ্যমে সংস্থার মালামাল জব্দের তালিকা তৈরি করা হচ্ছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের পরামর্শে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আওতাভুক্ত। তবে জেলা প্রশাসকের নির্দেশে কিছু কাজ করা হচ্ছে।মঙ্গলপুর মণ্ডলপাড়ার প্রবাসী মাহমুদুল ইসলামের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, ‘বিদেশ থাকে পাঠানো পাঁচ লাখ ৫০ হাজার টাকা সমিতিতে জমা থুইছিলাম, একন হামার ব্যাবাক গেল।’ এ ছাড়া মঙ্গলপুরের মামুনুর রশীদ নয় লাখ টাকা, সমোজাহা সরদার সাড়ে তিন লাখ এবং আমজাদ তিন লাখ টাকা আমানত রেখেছিলেন। একই গ্রামের মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম আজাদ ও আলতাফ হোসেন, পার-বোয়ালিয়ার আবুল কাশেমসহ অনেকেই বিভিন্ন অঙ্কের টাকা আমানত রাখেন। তাঁদের সবার অভিযোগ, আমানতের সব টাকা নিয়ে সংস্থার কর্মকর্তারা পালিয়েছেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মঙ্গলপুর গ্রামের রাশেদুল ইসলাম। তিনি বদলগাছী উপজেলার বিলাসবাড়ি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। মা-বাবার মৃত্যুর পর তিনি নানা বাড়ি মঙ্গলপুরে বসবাস শুরু করেন। ২০০৫ সালে তিনি ওই গ্রামে ‘মাদার’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। পরে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘দেশ উন্নয়ন’ রাখা হয়। ২০১০ সালের আগস্টে সমবায় বিভাগ থেকে নিবন্ধন নেওয়ার সময় এর নাম দেওয়া হয় ‘বৈশাখী মাল্টিপারপাস সোসাইটি’। নানা হাবিবুর রহমানকে সমিতির কার্যকরী পরিষদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটি নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর, বোয়ালিয়া, দুর্গাপুর ও ফতেপুর এবং বগুড়ার আদমদীঘি উপজেলার অন্তাহার, ছাতিয়ানসহ কয়েকটি গ্রামে আমানত সংগ্রহের কার্যক্রম চালায়। তারা এক লাখ টাকায় মাসে আড়াই হাজার টাকা লাভ দেওয়ার কথা বলে আমানত সংগ্রহ করে।রাশেদুল ইসলাম ও হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি। জেলা সমবায় কর্মকর্তা মখলেছুর রহমান জানান, কাগজপত্র যাচাইবাছাই করে সমবায় আইন মেনেই ওই সমিতিকে নিবন্ধন দেওয়া হয়েছে।