নওগাঁয় আহত আরও এক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামে বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত আরও একজন আদিবাসী শ্রমিক মারা গেছেন। এ নিয়ে গত শুক্রবারের ওই সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে।শুক্রবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণ মার্ডি (৪৫) নামে ওই শ্রমিক মারা যান। সংঘর্ষের ঘটনায় নিহত চার ব্যক্তির বাড়িই নওগাঁর নিয়ামতপুর উপজেলার পুঙ্গি গ্রামে।উল্লেখ্য, গত শুক্রবার চকগোপাল গ্রামের ডালিম নামে এক জোতদার নিজের জমির ধান কাটার কথা বলে পুঙ্গি গ্রাম থেকে কয়েকজন আদিবাসী শ্রমিককে নিয়ে যান। পরে ধান কাটার সময় ডালিমের প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় ওই চার আদিবাসী শ্রমিক মারা যান। এদিকে জোতদার ডালিমের ভাই আবদুস ছালাম শুক্রবার কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম এবং আনোয়ার হোসেনসহ ৩৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন।মান্দা থানার পুলিশ শুক্রবার দিবাগত রাতে চকগোপাল গ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম, আবদুল জব্বার, শাহিনুর ইসলাম ও জাফর আলী নামে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁদের আদিবাসী শ্রমিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চার আদিবাসী শ্রমিকের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বিকেলে মান্দা উপজেলা সদরে মানববন্ধন করেছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন। মানববন্ধনে নেতৃত্ব দেন আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় আহ্বায়ক রেবেকা সরেন।