নওগাঁয় এএসআই হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের এএসআই বেলাল হোসেনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার পুলিশ গতকাল শুক্রবার তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—নওগাঁ শহরের চকএনায়েত মহল্লার এনামুল হক ওরফে রায়হান (৩৮), পার-নওগাঁ হাজিপাড়া মহল্লার হেলাল ওরফে হেলু (১৮), পুরাতন পোস্ট অফিসপাড়ার সবুজ (২৮), চকদেবপাড়া মহল্লার আবদুল হান্নান ও মাহাবুবুর রহমান (২৮)। মামলার তদন্ত কর্মকর্তা নওগাঁ সদর থানার উপপরিদর্শক আজিমুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার সন্ধ্যায় নওগাঁর মুখ্য বিচারিক হাকিম আখতারুল আলমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বেলাল হোসেন নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। সদর থানার এএসআই মহসিন আলী মামলাটি করেন।গত বুধবার রাতে নওগাঁ শহরের জিরো পয়েন্টে ছিনতাইকারীদের রডের আঘাতে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের এএসআই বেলাল হোসেন আহত হন। ওই রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এ নিয়ে প্রথম আলোয় গতকাল শুক্রবার ‘নওগাঁয় ছিনতাইকারীর রডের আঘাতে এএসআই নিহত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।বেলাল হোসেনের লাশ বৃহস্পতিবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বোয়ালমারী গ্রামে তাঁর বাড়িতে পৌঁছায়। রাত নয়টার দিকে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।