নওগাঁয় এক রাতে দুই বাড়িতে ডাকাতি
নওগাঁ সদর উপজেলার ভীমপুর বাজারে গত বুধবার রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির সদস্যদের মারধর করে সোনার গয়না ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
নওগাঁ মডেল সদর থানা ও এলাকাবাসী সূত্র জানায়, সদর উপজেলার ভীমপুর বাজারের কাছে দুই সহোদর গণেশ চন্দ্র ও নিবারণ চন্দ্রের বাড়িতে এ ডাকাতি হয়েছে।
নিবারণ চন্দ্র জানান, ডাকাতেরা টিনের দরজা কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিমিঞ্চ করে। একপর্যায়ে তারা বেধড়ক মারধর করে প্রায় তিন ভরি সোনার গয়না ও প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
নিবারণ চন্দ্র অভিযোগ করেন, এলাকার কতিপয় ব্যক্তি তাঁদের পরিবারের ওপর নানাভাবে অত্যাচার করে আসছে, ডাকাতির ঘটনা এরই ধারাবাহিকতার অংশ।
নওগাঁ মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ডাকাতির ঘটনার কথা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।