নওগাঁয় একই মাঠে বিএনপির দুই পক্ষের সভা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা বিএনপির বিবদমান দুই পক্ষ পৃথক সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নওজোয়ান মাঠ ও এর আশপাশে আধাকিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সমাবেশস্থল নওজোয়ান মাঠ ও আশপাশের এলাকায় এই ১৪৪ ধারা জারি থাকবে। জেলা প্রশাসক জানান, নওজোয়ান মাঠে জেলা বিএনপির সভাপতি মো. শামসুজ্জোহা খানকে সংবর্ধনা দেওয়ার জন্য সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মঙ্গলবার বেলা আড়াইটায় সভা আহ্বান করেন। পরে সাবেক ছাত্রনেতা কামরুল হাসানের পক্ষ দুপুর ১২টা থেকে একই স্থানে গণজমায়েতের ডাক দেয়। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এবং চলমান জেএসসি ও জেডিসি পরীক্ষার ওপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।