নওগাঁয় এলপি গ্যাস কালোবাজারে বিক্রির ঘটনার তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি) সিলিন্ডার বিক্রির দায়িত্ব পাওয়া নওগাঁর স্থানীয় ডিলারদের কালোবাজারে গ্যাস বিক্রি করে দেওয়া ঘটনার তদন্তকাজ শুরু হয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির একাধিক কর্মকর্তা কয়েক দিন আগে থেকে তদন্তকাজ শুরু করেছেন।পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির বগুড়ার আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সে মোতাবেক তাঁরা কাজ করছেন।মেঘনা অয়েল কোম্পানির বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক সাহিন রেজা জানান, তাঁর কোম্পানির পক্ষে রাজশাহী অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক হামিদুর রহমান এবং পদ্মা অয়েল কোম্পানির পক্ষে রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক (বিপণন) আহসান হাবিবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।যমুনা অয়েল কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক (বগুড়া) মাহবুবুর রহমান জানান, নওগাঁর স্থানীয় এলপি গ্যাস ডিলারদের অনিয়ম খতিয়ে দেখতে যমুনা অয়েল কোম্পানির বগুড়া অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল বাকীকে (বিপণন) দায়িত্ব দেওয়া হয়েছে।কালোবাজারে বিক্রি করে দেওয়ায় নওগাঁর বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে দ্বিগুণ দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছিল। এ নিয়ে ৯ আগস্ট প্রথম আলোয় ‘এলপি গ্যাস কালোবাজারে, কিনতে হচ্ছে দ্বিগুণ দামে’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।