নওগাঁয় ককটেল ফাটিয়ে ডাকাতি
নওগাঁ শহরের সুলতানপুর মহল্লার মুহুরীপাড়ায় রফিকুল ইসলাম নামের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ককটেল ফাটিয়ে ডাকাতি হয়েছে। ডাকাতেরা গৃহকর্তা রফিকুল ইসলাম ও দুই বছরের শিশু সুমনাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গৃহকর্তা রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১৫ জনের মুখোশ পরা একদল ডাকাত তাঁর পরিবারের সদস্যদের ডেকে তুলে অস্ত্রের মুখে তাঁকে ও দুই বছরের শিশুকে জিমিঞ্চ করে। ঘণ্টাব্যাপী ডাকাতি চলাকালে তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ককটেলের আঘাতে প্রতিবেশী উজ্জ্বল (৩০) গুরুতর আহত হন। এ ছাড়া ডাকাতের মারধরে গৃহকর্তা রফিকুল ইসলাম (৫৫), গৃহকর্তার ছেলে রাসেল (২৫), গৃহকর্ত্রী আছমা (৪৮), সুমি ও শিশুকন্যা সুমনা আহত হয়। তাঁদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।