নওগাঁয় কালোতালিকায় ৬৮৩ চালকল-মালিক
চলতি বোরো চাল সংগ্রহ মৌসুমে সরকারনির্ধারিত ক্রয়মূল্যের চেয়ে বাজারে চালের দাম বেশি থাকায় সরকারি খাদ্যগুদামে সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করেননি ৬৮৩টি চালকলের মালিকেরা। চুক্তি না করায় এসব চালকলের মালিককে কালোতালিকাভুক্ত করেছে খাদ্য বিভাগ। এসব চালকলের মালিক আসন্ন আমন মৌসুমসহ আগামী দুই বছর (চার মৌসুম) সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করতে পারবেন না।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলায় ১ হাজার ৭৮টি চালকল রয়েছে। এর মধ্যে চলতি বোরো মৌসুমে ৩৯৫ জন চালকল-মালিক চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এখন পর্যন্ত চাল সংগ্রহ লক্ষ্যমাত্রার চার ভাগের এক ভাগও অর্জিত হয়নি।
খাদ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, জেলায় এবার বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪২ হাজার ২৫০ মেট্রিক টন। এ লক্ষ্যে ১ মে থেকে জেলার ১ হাজার ৭৮টি চালকলের মালিকদের সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ দিতে খাদ্য বিভাগের পক্ষ থেকে চুক্তি করতে বলা হয়। চুক্তির শেষ সময় ছিল ২০ মে। এই সময়ের মধ্যে মাত্র ১৬৫ জন চুক্তিবদ্ধ হন। পরে চুক্তির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত সময়ের মধ্যে আরও ২৩০ জন চুক্তিবদ্ধ হন। মোট ৩৯৫টি চালকলের মালিক ১০ হাজার ২৪৪ মেট্রিক টন চাল সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয়েছেন। ৮ আগস্ট পর্যন্ত ৯ হাজার ২৪৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। সংগ্রহের শেষ সময় ৩১ আগস্ট।
চাল না দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, সরকারি গুদামে চাল কেনার জন্য সরকার প্রতি কেজি সেদ্ধ চালের মূল্য ৩৪ টাকা ও আতপ চালের মূল্য ৩৩ টাকা নির্ধারণ করেছে। অথচ বাজারে এখন সর্বনিম্ন মানের চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ টাকায়। এ জন্য চালকলের মালিকেরা চাল সরবরাহের জন্য চুক্তি করতে আগ্রহ দেখাননি। লোকসান হবে ভেবেই অধিকাংশ চালকলের মালিক চুক্তিবদ্ধ হননি।
ফরহাদ হোসেন আরও বলেন, এর পরও অনেক চালকলের মালিক লাইসেন্স টিকিয়ে রাখার জন্য চাল সরবরাহ দিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে কোনো মালিকের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি। সরকার ন্যায্যমূল্য দিলে সব চালকলের মালিকই চাল সরবরাহের জন্য চুক্তি করতে আগ্রহী হবেন।
মহাদেবপুর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সরকার বিদেশ থেকে ৪৪ টাকা কেজি দরে চাল আমদানি করছে। অথচ দেশের চালকল-মালিকদের কাছ থেকে ৩৪ টাকা কেজি দরে চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এটা দেশের শিল্পকে ধ্বংস করার পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সালাম বলেন, খাদ্য বিভাগের নিবন্ধিত যেসব চালকল-মালিক চাল সরবরাহের চুক্তি করেননি, তাঁরা আগামী দুই বছর, অর্থাৎ চার মৌসুম চাল সরবরাহের কোনো চুক্তি করতে পারবেন না। আর যাঁরা চুক্তি করে চাল সরবরাহ করতে ব্যর্থ হবেন, তাঁরা এক বছর (দুই মৌসুম) চুক্তি করতে পারবেন না।