নওগাঁয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অভিযোগে নওগাঁর বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২৪ ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে আজ শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিডিওএ) নওগাঁ জেলা শাখার আহ্বানে এ ধর্মঘট পালন করা হয়। বিসিডিওএর নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল মাহমুদ অভিযোগ করেন, সম্প্রতি শহরের বিভিন্ন নিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নওগাঁর সিভিল সার্জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের নামে স্বেচ্ছাচারিতা চালানো হয়। এর প্রতিবাদে বিসিডিওএর পক্ষ থেকে সিভিল সার্জনকে অপসারণের চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু এখনো তিনি বহাল থাকায় বাধ্য হয়ে এ ধর্মঘট ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এটা আমাদের প্রতীকী কর্মসূচি। ক্লিনিকগুলোতে নতুন কোনো রোগী এ সময় ভর্তি করা হবে না। আর ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে এই সময়ে কোনো সেবা দেওয়া হবে না।’
বিসিডিওএর নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, অবৈধভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় প্রতিষ্ঠানগুলো হয়রানির শিকার হচ্ছে।
১৫ মে শহরের জমিলা রোগ মুক্তি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিক মালিক জাহেদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সিভিল সার্জন এ কে এম মোজাহ আলী অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রতিষ্ঠানটিতে নিয়ম অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিধিবহির্ভূত অনেক কিছুই পাওয়া গেছে। আদালতের বিচারক বিধিসম্মতভাবেই এ দণ্ড দিয়েছেন।’