নওগাঁয় গলা কেটে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের সিঙ্গিপাইকপাড়া গ্রামে গতকাল শুক্রবার ভোরে এক গৃহবধূকে তাঁর স্বামী গলা কেটে হত্যা করেছে বলে জানা গেছে।
নিহত গৃহবধূ মর্জিনা বেগম (২৮) সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের চক আবরোশ গ্রামের মোজাহার আলীর মেয়ে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী আব্দুস ছামাদকে (৩৫) গ্রেপ্তার করেছে।
প্রতিবেশী আকবর আলী জানান, আব্দুস ছামাদ একজন দরিদ্র কৃষক। আর্থিক টানাপোড়েনে থাকায় প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে থাকত। গতকাল ভোরে ওই দম্পত্তির দুই মেয়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মর্জিনার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। তখন ছামাদ ঘরেই নিশ্চুপ হয়ে বসে ছিলেন। তাঁর হাতে রক্তমাখা ছুরি ছিল। ছামাদ ও মর্জিনার আট ও ছয় বছরের দুটি মেয়ে রয়েছে। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, প্রায় ১০ বছর আগে সিঙ্গিপাইকপাড়া গ্রামের মুঝা ফকিরের ছেলে ছামাদের সঙ্গে মর্জিনার বিয়ে হয়।
প্রাথমিক তদন্তে ছামাদই স্ত্রীকে হত্যা করেছেন বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মর্জিনার বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ নিহত মর্জিনার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।