নওগাঁয় গেজেটভুক্ত ১৭ মুক্তিযোদ্ধার নাম বাদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গেজেটভুক্ত ১৭ জন মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল রোববার শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ হয়েছে।

মুক্তিযোদ্ধা আনিছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সিরাজুল আনছারি, গোলাম মোস্তফা, আবদুল খালেক, মোয়াজ্জেম হোসেন, তাছের আলী প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি করে যাচাই-বাছাই প্রক্রিয়ার নামে নওগাঁয় গেজেটভুক্ত ১৭ জন মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ তাঁরা সবাই প্রকৃত মুক্তিযোদ্ধা। এ ছাড়া গেজেটভুক্ত নয় কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন, এমন আরও ৬৫৫ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশ করা হয়নি। তাঁদের মধ্যে অনেকে প্রকৃত মুক্তিযোদ্ধা। অথচ কাগজ সন্তোষজনক নয় এবং সাক্ষী যথাযথ নয়, এমন ব্যক্তিদের মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশ করা হয়েছে।

সমাবেশে কান্নাজড়িত কণ্ঠে বাদ পড়া মুক্তিযোদ্ধা তাছের আলী বলেন, ‘আমি ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমার ব্যাচ নম্বর ছিল ৪১১৫। মুক্তিযোদ্ধা হিসেবে ৩৭ বছর ধরে একটি ব্যাংকে চাকরি করেছি। এখন তালিকা থেকে আমার নাম বাদ পড়ায় প্রতিবেশীদের কাছে লজ্জায় মুখ দেখাতে পারি না। অথচ আমার গ্রাম থেকেই দুজন অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশ করা হয়েছে।’

মুক্তিযোদ্ধা সিরাজুল আনছারি বলেন, ‘আমার সঙ্গে যুদ্ধ করেছেন এমন কয়েকজন মুক্তিযোদ্ধার পক্ষে যাচাই-বাছাই কমিটির কাছে সুপারিশ করেছিলাম। কিন্তু কমিটি তাঁদের নাম সুপারিশ করেনি। অথচ ভুয়া সনদধারী অনেককে মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশ করেছে এই কমিটি।’

বাদ পড়া মুক্তিযোদ্ধা আবদুল খালেক বলেন, ‘আমি ভারতের মধুপুর ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিলাম। ভারতের তালিকায় (কল্যাণ ট্রাস্ট) আমার নাম রয়েছে। যথাযথ কাগজপত্র ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আমি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। অথচ এবার নতুন করে যাচাই-বাছাইয়ের নামে তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। লজ্জায়, ঘৃণায় এখন আমার কাউকে মুখ দেখানোর অবস্থা নেই।’

জানতে চাইলে যাচাই-বাছাই কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার আফজাল হোসেন বলেন, যথাযথ নিয়ম মেনেই যাচাই-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখানে অনিয়ম কিংবা দুর্নীতি করা হয়নি। এরপরও কেউ সংক্ষুব্ধ হয়ে থাকলে তাঁদের আপিল করার সুযোগ আছে। যথাযথ কাগজপত্র ও সাক্ষ্যপ্রমাণ হাজির করতে পারলে তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ এখনো আছে।

সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে ১ হাজার ২৯ জন অনলাইনের মাধ্যমে আবেদন করেন। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সদর উপজেলায় ৩৭১ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশ করে যাচাই-বাছাই কমিটি। ৩০ মে এই তালিকা টানানো হয়। এর ১৫ দিনের মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের আবেদন করতে বলা হয়েছে।