নওগাঁয় চাল সংগ্রহে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারের চেয়ে সরকারের চাল সংগ্রহের দর কম ধরা হয়েছে—এমন অজুহাতে নওগাঁয় চালকল মালিকেরা সরকারি খাদ্যগুদামে চাল দেওয়ার বিষয়ে চুক্তি করছেন না। এতে সরকারের চাল সংগ্রহ অভিযান নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে।
গতকাল মঙ্গলবার এক সভায় জেলা চালকল মালিক গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে, চালের দাম বৃদ্ধি না করলে তাঁরা সরকারি গুদামে চাল দেবেন না। এ-সংক্রান্ত চুক্তি করবেন না। এর আগে ২০ আগস্ট জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার মাধ্যমে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর সংগঠনটির পক্ষ থেকে লিখিত আবেদন জানানো হয়। এতে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফার চাল কেনার আহ্বান জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট থেকে সরকার সারা দেশে বোরো চাল সংগ্রহে অভিযান শুরু করে। এর অংশ হিসেবে নওগাঁয় ১৮টি খাদ্যগুদামের মাধ্যমে প্রায় ৩৬ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রথম দফায় সরকার-নির্ধারিত ৩২ টাকা কেজি দরে ২০ হাজার ৯০০ মেট্রিক টন চাল সংগ্রহের জন্য চালকল মালিকদের সঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুক্তি হয়। কিন্তু ৩১ আগস্টের মধ্যে প্রথম দফার সংগ্রহ অভিযানের নির্ধারিত সময়ে চাল সংগ্রহ হয় লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম (৮ হাজার ৮৬১ মেট্রিক টন)। পরে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত এর মেয়াদ বৃদ্ধি করা হয়।
এদিকে দ্বিতীয় দফায় ১৫ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের জন্য ৩১ আগস্টের মধ্যে চালকল মালিকদের সঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু নওগাঁয় তখন একজন মালিকও চুক্তি করেননি। পরে এ সময়সীমা ৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। গতকাল পর্যন্ত মাত্র ছয়জন মালিক চুক্তিবদ্ধ হয়েছেন।
জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার প্রথম আলোকে বলেন, ‘গত এক মাসে বাজারে চালের দাম কেজিতে ৪-৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজারে এখন সর্বনিম্ন ৩৫ থেকে ৩৬ টাকা দরে চাল বিক্রি হচ্ছে। অথচ সরকার বলছে, ৩২ টাকা দরে চাল সরবরাহ করতে। প্রথম পর্বে বাজারের চালের দাম কম থাকায় চালকল মালিকেরা চুক্তি করেন। কিন্তু দ্বিতীয় পর্বে সরকার বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে চাল সংগ্রহের ঘোষণা না দিলে কোনো চুক্তি করা হবে না।’
সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, যে ছয়জন চালকল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, প্রথম পর্বে চাল দেওয়ার জন্য যেসব কারখানার মালিক চুক্তিবদ্ধ হয়েছেন, তাঁরা নির্ধারিত সময়ে চাল না দিলে তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হবে। আর দ্বিতীয় দফায় চুক্তি নিয়ে মালিকদের সঙ্গে যে ঝামেলা হচ্ছে, এ ব্যাপারে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। আগামীকাল (আজ) বুধবারের মধ্যে চুক্তিবদ্ধ না হলে পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে।