নওগাঁয় চিকিৎসক-পুলিশ কর্মকর্তাসহ আরও আটজনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত সাতজনের মধ্যে একজন চিকিৎসক ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আজ সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে নওগাঁ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৭০ জনে। এর মধ্যে চার চিকিৎসকসহ ১৬ জন স্বাস্থ্যকর্মী ও তিনজন পুলিশ কর্মকর্তা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৯টার দিকে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো ই-মেইলে নওগাঁ থেকে পাঠানো ১৬৫টি নমুনার ফলাফল আসে। প্রতিবেদনে আটজনের করোনা পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। ওই আটজনের মধ্যে পত্নীতলা উপজেলার চারজন, বদলগাছীর দুজন, মান্দার একজন ও ধামইরহাট উপজেলায় একজন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। তিনি বদলগাছী উপজেলার চিকিৎসা কর্মকর্তা। এ ছাড়া পুলিশের একজন এসআইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি জেলার পত্নীতলা থানায় কর্মরত আছেন।

সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, পর্যালোচনা করে জানা যাচ্ছে, নতুন আক্রান্ত আটজনের সাতজনই এ জেলায় পূর্বে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার ফলে করোনাভারাসে আক্রান্ত হয়েছেন। শুধু একজন সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। তিনি পত্নীতলা উপজেলার বাসিন্দা। তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যাঁরা গিয়েছিলেন তাঁদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। ইতিমধ্যে ব্যক্তিদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নওগাঁ জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২৩ এপ্রিল একজন নার্সের শরীরে। এরপর গত ১৭ দিনে আরও ৬৯ জন করোনা রোগী শনাক্ত হলো।