নওগাঁয় চিকিৎসা কর্মকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কার্তিক কুমার বসাক খুন হয়েছেন। গতকাল বুধবার সকালে পত্নীতলা উপজেলার গোড়াদীঘি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কার্তিককে খুন করে তাঁর মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে গেছে।জেলার পোরশা উপজেলার আলফা ক্লিনিকের ব্যবস্থাপক সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, এই ক্লিনিকে এক রোগীকে অস্ত্রোপচার শেষে আরএমও কার্তিক রাত আটটার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় ক্লিনিকের কর্মী হেলাল তাঁর সঙ্গে ছিলেন। হেলালের বাড়ি পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামে। হেলাল জানান, রাত সোয়া আটটার দিকে আরএমও তাঁকে উপজেলার শিবপুর বাজারে নামিয়ে দেন। এর পর আরএমও কার্তিক একাই মোটরসাইকেল চালিয়ে বদলগাছী উপজেলার মথুরাপুরে নিজ বাড়ি ফিরছিলেন।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকলেছুর রহমান জানান, গোড়াদিঘীর গ্রামীণ সড়কের প্রায় ৪০ ফুট দূরের একটি ঝোপ থেকে বুধবার সকালে চিকিৎসা কর্মকর্তা কার্তিকের লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।নওগাঁর সিভিল সার্জন সোলায়মান আল ফারুক জানান, কার্তিক নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হলেও মোটরসাইকেল ও তাঁর ব্যক্তিগত মুঠোফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন।ছুরিকাঘাতে একজন খুন: পোরশা উপজেলার নিতপুর বাজারে গতকাল সকালে ছুরিকাঘাতে আকবর আলী (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বাঙ্গালপাড়া গ্রামে। অভিযোগ উঠেছে, দুলাল (২৪) নামের এক নাতির ছুরিকাঘাতে নিহত হন তিনি। দুলালকে পুলিশ গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পোরশা থানার ওসি রেজাউল করিম জানান, আকবর সকালে উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। তিনি নয়টার দিকে নিতপুর বাজার এলাকায় পৌঁছালে দুলাল পেছন দিক থেকে দৌড়ে এসে আকবরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আকবরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাঙ্গালপাড়ায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে।