নওগাঁয় চিকিৎসা সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশায় আবদুল মতিন (৪৮) নামের এক চিকিৎসা সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।আবদুল মতিন জেলার নিয়ামতপুর উপজেলার ঝাড়ায়াপাড়া গ্রামের মৃত আফাজউদ্দীনের ছেলে। তিনি পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী ছিলেন। এক সপ্তাহ আগে তাঁর স্ত্রী রোকেয়া বেগম (৪০) হূদেরাগে মারা যান। জানা গেছে, মতিন গত বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত অবস্থায় কমপ্লেক্সের বহির্বিভাগের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকাল সাতটায় স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় তাঁকে ডেকে তুলতে গিয়ে জানালার সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল হাকিম জানান, মতিনের শার্টের পকেটে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে।