নওগাঁয় জমি নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছী উপজেলায় গত শুক্রবার জমিজমা নিয়ে বিরোধে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী গতকাল শনিবার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বাড়িঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে চারটি ঘর পুড়ে গেছে৷
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার উজালপুর গ্রামের দুলু হোসেন (৫০), আমজাদ হোসেন (৪২) ও আবদুল ওয়াদুদ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উজালপুর গ্রামের দুলুর সঙ্গে প্রতিবেশী হাসেম আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে৷ শুক্রবার বিকেল পাঁচটার দিকে হাসেম বিরোধপূর্ণ জমিতে বাঁশ পুঁতে দখল করতে যান। এ সময় তাঁকে বাধা দেন দুলু৷ একপর্যায়ে হাসেমের লোকজন কুড়াল-হাঁসুয়া ও লাঠিসোঁটা নিয়ে দুলুর ওপর হামলা চালায়। প্রতিপক্ষের কুড়ালের কোপে দুলুর মাথা কেটে যায়। খবর পেয়ে দুলুর ছেলে নীরব, চাচাতো ভাই আমজাদ হোসেন ও শ্যালক আবদুল ওয়াদুদ সেখানে যান৷ প্রতিপক্ষের লোকজন তাঁদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই দুলু মারা যান। উন্নত চিকিৎসার জন্য আমজাদকে নওগাঁ সদর হাসপাতাল ও ওয়াদুদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে আমজাদ মারা যান।
গতকাল সকালে ওয়াদুদের মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে৷ এতে উত্তেজিত হয়ে গ্রামবাসী ও নিহত দুই ব্যক্তির আত্মীয়স্বজনেরা প্রতিপক্ষ হাসেম, আজিজুল ইসলাম, ছাইদুল ইসলাম ও জালাল হোসেনের বাড়িঘরে হামলা চালিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে চারটি ঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ও স্থানীয় মিঠাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর মহীউদ্দিন আলমগীর ঘটনাস্থলে ছুটে যান। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিকেলে ওয়াদুদের মৃত্যু হয়৷
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত হাসেম, আজিজুল, ছাইদুল ও জালালের বাড়িতে গিয়েও তাঁদের পাওয়া যায়নি।
বদলগাছী থানার ওসি আজিজুর রহমান প্রথম আলোকে গতকাল বিকেলে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷