নওগাঁয় জোড়া খুনের জেরে প্রতিপক্ষের চারটি ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর উজালপুর আমেরিকান গ্রামে জমি নিয়ে বিরোধে দুই ব্যক্তি নিহত হওয়ার পর প্রতিপক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতদের স্বজন ও গ্রামবাসীর একাংশ। ছবি: রবিউল ইসলাম রুবেল
নওগাঁর উজালপুর আমেরিকান গ্রামে জমি নিয়ে বিরোধে দুই ব্যক্তি নিহত হওয়ার পর প্রতিপক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতদের স্বজন ও গ্রামবাসীর একাংশ। ছবি: রবিউল ইসলাম রুবেল

নওগাঁর বদলগাছী উপজেলার উজালপুর আমেরিকানপাড়া গ্রামে গতকাল শুক্রবার দুই ব্যক্তিতে কুপিয়ে হত্যার প্রতিবাদে আজ শনিবার প্রতিপক্ষ কয়েকজনের বাড়িঘরে আগুন দিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়দের একাংশ। এতে চারটি বাড়ি পুড়ে গেছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত দুজন হলেন উজালপুর গ্রামের মো. দুলু হোসেন (৫০) ও একই গ্রামের আমজাদ হোসেন (৪২)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।

নিহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয়রা জানান, দুলু হোসেনের সঙ্গে প্রতিবেশী হাশেম আলীর আড়াই শতক জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। গতকাল বিকেল পাঁচটার দিকে হাসেম আলী বিরোধপূর্ণ জমিতে বাঁশ পুঁতে দখল নেওয়ার চেষ্টা করলে দুলু হোসেন বাধা দেন। এ সময় হাশেম আলীর লোকজন কুঠার, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র দিয়ে দুলু হোসেনের ওপর আক্রমণ চালান। এতে দুলু হোসেনের মাথা ঘাড় থেকে ছিন্ন হয়ে যায়। এ সময় দুলুর চাচাতো ভাই আমজাদ, শ্যালক ওয়াদুদ ও ছেলে নিরব এগিয়ে গেলে হাশেম আলীর লোকেরা তাঁদের ওপরও হামলা চালান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে দুলু হোসেন মারা যান।

আহত আমজাদ হোসেনকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিত্সার জন্য তাঁকে নওগাঁ সদর হাসপাতালে এবং ওয়াদুদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাতে আমজাদ মারা যান।


আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওয়াদুদ মারা গেছেন—এমন গুজব ছড়িয়ে পড়লে দুলু হোসেনের স্বজন ও উজালপুর আমেরিকানপাড়া গ্রামের বাসিন্দাদের একাংশ হাশেম আলী, আজিজুল ইসলাম, সাইদুল ইসলাম ও জালাল হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা বাড়িগুলোতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

নিহত দুই ব্যক্তির একজন দুলু হোসেনের স্ত্রীর আহাজারি। ছবি: রবিউল ইসলাম রুবেল
নিহত দুই ব্যক্তির একজন দুলু হোসেনের স্ত্রীর আহাজারি। ছবি: রবিউল ইসলাম রুবেল



খবর পেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ও স্থানীয় মিঠাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর মহীউদ্দীন আলমগীর ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় জয়পুরহাট ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নেভান।

ইউপি চেয়ারম্যান মীর মহীউদ্দীন আলমগীর প্রথম আলোকে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সহিংসতায় দুলু ও তাঁর চাচাতো ভাই আমজাদ হোসেন মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান করে প্রথম আলোকে বলেন, ‘সকালে আহত এক ব্যক্তির মারা যাওয়ার গুজব ছড়ালে গ্রামবাসী ও নিহতের স্বজনেরা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালান ও আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

ঘটনার পর থেকেই হাশেম আলী, আজিজুল ইসলাম, সাইদুল ইসলাম ও জালাল হোসেন পলাতক আছেন। এ বিষয়ে কথা বলতে তাঁদের বাড়ি গিয়ে সেখানে কাউকে পাওয়া যায়নি।