নওগাঁর মান্দা উপজেলায় গতকাল শনিবার বাঁশবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও পাঁচজনের।
এ নিয়ে গত ১৮৬ দিনে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৮৫। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে মান্দার হাজিগোবিন্দপুর এলাকায় ট্রাক খাদে পড়ে নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘমারা উপজেলার মারিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আশরাফুল আলী (৩৫), একই গ্রামের ছয়ের উদ্দিনের ছেলে আবদুল মান্নান (৪৫), হরিপুর গ্রামের লাল মাহমুদের ছেলে সাহেব আলী (৪৫), নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৫০), বদলগাছী উপজেলার বালুভরা গ্রামের দীপেন চন্দ্র (৪৬) এবং জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামের আমিনুর রহমান (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট থেকে বাঁশভর্তি একটি ট্রাক সকালে রাজশাহীর বাগমারার দিকে যাচ্ছিল। হাজিগোবিন্দপুর এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা আট ব্যক্তির মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের লাশ উদ্ধার করেন।
বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড এলাকায় রাত আটটার দিকে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেলের চালক রকি প্রামাণিক (২৫) ও আরোহী গোলাম রব্বানী (২৮) নিহত হয়েছেন। রকি উপজেলার হাঁপুনিয়া গ্রামের বিরাজ উদ্দিনের এবং রব্বানী ডাঙ্গাপাড়া গ্রামের ছাখাওয়াত হোসেনের ছেলে। তাঁরা দুজনই স্থানীয় একটি টাইলস কারখানায় কাজ করতেন।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইঞ্জিনচালিত ভটভটিচাপায় মোছা. জবা খাতুন (২৯) নামের আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের মো. সানোয়ার হোসেনের স্ত্রী।
ফরিদপুরের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল ভোরে অজ্ঞাতনামা গাড়ির নিচে চাপা পড়ে মো. হামেদ বিশ্বাস (৮২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি বোয়ালমারী উপজেলার আন্ধারকোঠা গ্রামের বাসিন্দা।
নওগাঁর মান্দা উপজেলার গোবিন্দপুরে সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান (৫২) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামের পুরাতন বাজার এলাকার কালীপাড়ায়।
এর আগে গত শুক্রবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় বাসের ধাক্কায় আহত মো. মহিউদ্দিন (৩৬) নামের এক ব্যক্তি রাতে মারা গেছেন। তিনি একটি মসজিদের খতিব ছিলেন।