নওগাঁয় ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বাবা-মেয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ঘাটপুর মধ্যপাড়া এলাকায় ফেরিঘাট-নিয়ামতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এরা হলেন নিয়ামতপুর উপজেলার বামইন যুগিবাড়ী গ্রামের আজিজুল হক (২৭) ও তাঁর মেয়ে তাসফিহা (৩)। আর আহত অটোরিকশাচালক হলেন রবিউল ইসলাম (৩২)। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মান্দার প্রসাদপুরে আত্মীয়ের বাড়ি থেকে আজিজুল হক তাঁর মেয়েকে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। বিকেল পাঁচটার দিকে মধ্যপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আজিজুল ও তাঁর মেয়ে তাসফিহার মৃত্যু হয়। আহত অটোরিকশাচালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনেরা এলে তাঁদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে। দুর্ঘটনার শিকার ট্রাক্টর ও অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।