নওগাঁয় ট্রেনের বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনে গতকাল মঙ্গলবার ভোরে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা-খুলনা-রাজশাহীগামী যাত্রীবাহী ও মালবাহী ট্রেনগুলো সান্তাহার রেলওয়ে জংশন এবং ঢাকা-খুলনা-রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনগুলো নাটোর রেলস্টেশনে দীর্ঘ সময় আটকা পড়ে। এতে দ্রুতযান এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। এ সময় নওগাঁ, সান্তাহার, রানীনগর ও আদমদীঘির যাত্রীরা আহসানগঞ্জ স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশা, বেবিট্যাক্সি ও ভটভটি ভাড়া করে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। আহসানগঞ্জ স্টেশনমাস্টার সাইফুল ইসলাম জানান, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকার সঙ্গে থাকা ইকুলাইজিং বিম ভেঙে এটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে জংশনের ক্যারেজ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বগিটি লাইনে তোলেন।