নওগাঁয় তরুণ খুন, দুই স্থানে লাশ উদ্ধার
জুয়ার আসরে টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে নওগাঁর ধামইরহাট উপজেলায় এক তরুণ খুন হয়েছেন। নাটোরের লালপুর ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল শনিবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।ধামইরহাটে খুন হওয়া তরুণের নাম হাবিবুর রহমান (২৩)। তাঁর বাড়ি উপজেলার চকমহেশ গ্রামে। এ ঘটনায় শনিবার সকালে হাবিবুর রহমানের মা হাসিনা বেওয়া ধামইরহাট থানায় একটি হত্যা মামলা করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে হাবিবুর উপজেলার বিহারীনগর এলাকায় আয়োজিত আনন্দমেলা প্রাঙ্গণে জুয়া খেলতে গিয়ে প্রায় তিন হাজার টাকা খোয়ান। বাড়ি ফেরার টাকা না থাকায় তিনি জুয়া খেলার আয়োজকদের কাছে ১০০ টাকা ফেরত চান। তাঁরা ৫০ টাকার একটি নোট দিয়ে তাঁকে ওই এলাকা থেকে চলে যেতে বলেন, কিন্তু ৫০ টাকা নিতে রাজি না হওয়ায় আয়োজকদের সঙ্গে হাবিবুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন জুয়াড়ি তাঁকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লতিফুল ইসলাম দাবি করেন, পারিবারিক বিরোধের জের ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে মেলা প্রাঙ্গণে খুন করে পালিয়ে যায়।নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার দাঁড়পাড়া এলাকা থেকে গতকাল শনিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। বড়াইগ্রাম থানার বনপাড়া পুলিশফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করেন। ফাঁড়ির উপপরিদর্শক এস এম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা তাঁকে হত্যা করেছে, তা জানা যায়নি।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে দোলেফা বেগম (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় দোলেফার হাত-পা ও গলায় দড়ি বাঁধা ছিল। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাসান সরদার জানান, উদ্ধার করা লাশটি সাদেকুল ইসলামের স্ত্রী দোলেফা বেগমের। দোলেফাকে হাত-পা বেঁধে ও গলায় দড়ি দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সাদেকুল পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, তিনি তাঁর স্ত্রীকে হত্যা পালিয়ে গেছেন।