নওগাঁর রানীনগর উপজেলার গোনা চাপরা গ্রামে মোহন (১৮) নামের এক তরুণকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের আজিজুল হক (৪৫) ও তাঁর ছেলে মাজেদুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মোহনের বাবা লুৎফর রহমান পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
রাজশাহীতে গত শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে পুলিশ লিখন আলী (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে। লিখনের বাড়ি নগরের দাশপুকুর নিমতলা এলাকায়।
রানীনগর থানার পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১০টায় ধানের জমিতে সেচ দেওয়ার জন্য গ্রামের পাশে সেচঘরে যান মোহন। শনিবার ভোরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নান্দগাড়ী নামের পুকুরপাড়ে একটি গাছে মোহনের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এসআই শাহিন মোহাম্মদ অনু। তিনি জানান, লাশের মাথায়, গলায় ও পিঠে জখমের চিহ্ন রয়েছে।
মোহনের মা আঞ্জুয়ারার অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে আজিজুল ও তাঁর ছেলে মাজেদুল মোহনকে শ্বাসরোধে হত্যা করেছেন।
রাজশাহীর রাজপাড়া থানার ওসি খান মোহাম্মাদ এরফান জানান, রাতে সিলিন্দা এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক পড়ে আছেন—এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লিখনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লিখনের পেটে দুটি ও বুকে একটি গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। ওসি বলেন, সকালে তাঁর চাচাতো ভাই সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।