নওগাঁয় ত্রাণের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে প্রায় কোমর পানি। কেউ কেউ সেখানেই থাকছে। অনেকে আশ্রয় নিয়েছে রাস্তা বা উঁচু জায়গায়। নৌকা নিয়ে কাছে যেতেই বানভাসি মানুষ ছুটে আসে ত্রাণের আশায়। যখন শোনে ত্রাণ নিয়ে আসিনি, তখন তাদের মুখ মলিন হয়ে যায়।

গত শুক্রবার নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের পশ্চিম নুরুল্যাবাদ, উত্তর নুরুল্যাবাদ, জোতবাজার; কুশুম্বা ইউনিয়নের বড় বেলালদহ, ছোট বেলালদহ, শামুকখোল; প্রসাদপুর ইউনিয়নের বুড়িদহ, ঋষিপাড়া এবং বিষ্ণুপুর ইউনিয়নের হুলিয়াপাড়া, চকসল্লা, চক কামদেব, দাসপাড়া ও পাড়ইটঙ্গি এলাকায় নৌকা নিয়ে ঘুরে ওই দৃশ্য চোখে পড়ে। দুর্গত এলাকায় চলছে ত্রাণের জন্য হাহাকার। এ ছাড়া গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে মানুষ।

উজান থেকে নেমে আসা পানির ঢলে নওগাঁর আত্রাই নদ ও ছোট যমুনা নদীর বাঁধ ভেঙে সদর, মান্দা, রানীনগর, আত্রাই, বদলগাছী, পত্নীতলা, মহাদেবপুর, ধামইরহাট ও সাপাহারের ৬৩টি ইউনিয়নের প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। এর মধ্যে মান্দায় পানিবন্দী হয়ে আছে প্রায় ১ লাখ মানুষ।

মান্দার বিষ্ণুপুর ইউনিয়নে আত্রাই নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। সেখানে যেতেই ১০ থেকে ১২ জন ছুটে এসে ত্রাণের জন্য নাম লিখতে বলেন। সাংবাদিক পরিচয় শুনে সবার মুখ মলিন হয়ে যায়। তাঁরা বলেন, সাত দিন ধরে তাঁরা এখানে আশ্রয় নিলেও কেউ ত্রাণ নিয়ে আসেনি। উপজেলার দাসপাড়া গ্রামের মাজেদা বেগম বলেন, ‘হামরা দিনে অ্যানে দিন খাওয়া মানুষ। হামার স্বামী ভ্যান চালায়। বন্যায় পথঘাট ডুবে যাওযায় সাত দিন ধরে ভ্যান চালাতে পারেনি। যেটুকু টাকা ছিল তাও শ্যাষ। ইলিপ না প্যালে মরা ছাড়া গতি নাই।’

ওই বাঁধে আশ্রয় নেওয়া দাসপাড়া গ্রামের জহুরুল ইসলাম বলেন, মানুষের খাবার জুটলেও গরু-ছাগলের কষ্টের শেষ নেই। ঘাস ও খড় নেই। বেশি দাম দিয়েও কোথাও খড় ও ঘাস পাওয়া যাচ্ছে না।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, তাঁর ইউনিয়নের ৩০ হাজারের বেশি মানুষ বন্যাদুর্গত। ত্রাণ এসেছে মাত্র ২ মেট্রিক টন। সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বেসরকারিভাবে এখানে কেউ ত্রাণ দিতে আসছে না।

নুরুল্যাবাদ ইউনিয়নের প্রসাদপুর-জোতবাজার রাস্তায় আশ্রয় নিয়েছে পাঁচ শতাধিক পরিবার। সেখানে আশ্রয় নেওয়া পশ্চিম নুরুল্যাবাদ গ্রামের ছায়েদা বানু বলেন, ‘হামার মতো কষ্টে কেউ নাই। এখনো কেউ অ্যানা ইলিপ দিল না। স্বামী নাই। হামি ইলিপ চাইতে কার কাছে যামু।’ উত্তর নুরুল্যাবাদ গ্রামের নাজমুন নাহার সাত দিন ধরে ছয় মাসের শিশুসন্তান নিয়ে সেখানে আছেন। তিনি বলেন, ‘বাচ্চাটা ঠিকমতো বুকের দুধ পাচ্ছে না। সুজি কিনে খাওয়াচ্ছি। সুজি শেষ হলে বাচ্চা খিদায় কান্নাকাটি শুরু করে। তখন কষ্টে বুকটা ফেটে যায়।’

নুরুল্যাবাদের ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল বলেন, ‘যেটুকু ত্রাণ পাওয়া গেছে, তা খুবই সামান্য। তিন ভাগের এক ভাগ পরিবারকেও ত্রাণ দিতে পারিনি।’

বড় বেলালদহ মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, মাদ্রাসার মাঠে দুই-তিন শ গরু বাঁধা। শামুকখোল গ্রামের কৃষক হাসেম আলী বলেন, ‘নিজেদের পেটে তা–ও একটু খাবার যাচ্ছে, কিন্তু গরু-বাছুর নিয়ে খুব কষ্টে আছি। গত বুধবার প্রাণিসম্পদ বিভাগ থেকে একটু ঘাস দিয়ে গেছিল। যেটুকু ঘাস দিয়েছিল, সেটা এক দিনেই শেষ হয়ে গেছে।’

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান বলেন, যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তাদের সহায়তা দেওয়া হচ্ছে। তবে যারা বিভিন্ন রাস্তার ওপর বা কষ্টে করে বাড়িতে রয়েছে, তাদের কেউ কেউ হয়তো ত্রাণ পাচ্ছে না। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, জেলায় গত শুক্রবার পর্যন্ত দুর্গতদের ২৪৭ মেট্রিক টন চাল ও ৭ লাখ টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আমিনুর রহমান বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। তবে অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ত্রাণ বিতরণ কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছে।