নওগাঁয় দুই মোটরশ্রমিক খুন, প্রতিবাদে সড়ক অবরোধ
দুর্বৃত্তদের হাতে নওগাঁ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের দুই সদস্য খুন হওয়ার প্রতিবাদে স্থানীয় ট্রাকশ্রমিকেরা শনিবার রাত সাড়ে ১২টা থেকে গতকাল রোববার বেলা একটা পর্যন্ত নওগাঁ-রাজশাহী ও নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।জেলা মোটর মালিক গ্রুপের সদস্য এনামুল হক জানান, তাঁর একটি ট্রাক গত বুধবার ভাড়ার মালামাল পরিবহনের কাজে ঢাকায় যায়। পরে ট্রাকটি শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে নওগাঁর পত্নীতলা উপজেলায় পোলট্রি ফিড নিয়ে আসার পথে রাত ১১টার দিকে নিখোঁজ হয়। একই সঙ্গে ট্রাকের চালক ও সহকারী চালকের মুঠোফোন বন্ধ হয়ে যায়। এ কারণে তিনি শনিবার সকালে ট্রাকটি ছিনতাই হয়েছে বলে নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নন্দীগ্রাম থানা পুলিশের মাধ্যমে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি ট্রাকচালক দেলোয়ার হোসেন (৪২) ও সহকারী চালক আবদুল বারীকে (৩২) তাঁর কর্মচারী হিসেবে শনাক্ত করেন। রাত ১২টার দিকে ট্রাকচালক দেলোয়ার হোসেনের নিজ গ্রাম হাপানিয়া এলাকায় এ খবর পৌঁছালে অন্য শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। দুর্বৃত্তরা মালামালসহ ট্রাকটি নিয়ে গেছে।নওগাঁ জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান জানান, দুর্বৃত্তদের হাতে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের দুই সদস্য খুন হওয়ার প্রতিবাদে স্থানীয় মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যরা নওগাঁ-রাজশাহী সড়কের হাপানিয়া এলাকায় প্রধান সড়কে অবরোধ সৃষ্টি করেন। পরে স্থানীয় প্রশাসন ও মোটর মালিক গ্রুপের মধ্যস্থতায় তাঁরা গতকাল বেলা একটার দিকে অবরোধ সরিয়ে নেন।হাপানিয়া এলাকার চালকলের শ্রমিক আবু জাফরসহ প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে অবরোধ হাপানিয়া এলাকায় সীমাবদ্ধ থাকলেও গতকাল সকাল সাতটার দিকে তা নওগাঁ শহরের শালুকা থেকে মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় বিস্তার লাভ করে।নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমার-উজ্জামান জানান, রাজশাহী মহানগরের পদ্মা আবাসিক এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক পাওয়া গেছে। সেটি নওগাঁর ওই ট্রাকমালিকের কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।