নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরীতে গত শুক্রবার চালকল গুদামের দেয়ালধসে চারজন নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় গুদামমালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল শনিবার প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভীমপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার রামচরণ বাদী হয়ে ঘটনার দিন রাতেই চালকলমালিক আবুল কাশেমকে আসামি করে মহাদেবপুর থানায় মামলা করেন। মালিকের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, চকগৌরী বাজারে ক্ষুব্ধ নির্মাণশ্রমিকেরা প্রতিবাদ সভা করেছেন। সভায় বক্তারা এ ঘটনার জন্য গুদামমালিককে দায়ী করে তাঁর শাস্তি ও মৃত চারজনের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান। জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন জেলা নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি মোসাদ্দুর রহমান ও জেলা বাসদের সমন্বয়কারী জয়নাল আবেদীন। নির্মাণশ্রমিকেরা চকগৌরী বাজার এলাকায় নওগাঁ-রাজশাহী সড়ক দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত অবরোধ করে রাখেন। এ সময় ওই সড়কে কোনো যান চলাচল করেনি। স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, গুদামঘরের নির্মাণকাজে ইমারত বিধিমালা মানা হয়নি। প্রায় ৬০ ফুট ও ৩০ ফুট মাপের গুদামঘর নির্মাণে মাটি-কাদার গাঁথুনি, নিম্নমানের লিনটিল ঢালাই করায় এ ঘটনা ঘটেছে।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আসামি বর্তমানে পলাতক। এদিকে, ময়নাতদন্ত শেষে এমদাদুল, মুনসুর, রুবেল ও রাসেলের লাশ গতকাল গোয়ালবাড়ী গ্রামে নেওয়া হলে সেখানে এক হূদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। সন্ধ্যায় জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হয়।