নওগাঁয় নদীতে বেড়া দিয়ে মাছ শিকার
নওগাঁর মান্দা, বদলগাছী ও সদর উপজেলা এলাকায় আত্রাই ও শাখা যমুনা নদীতে নিষিদ্ধ ঘেরজাল ও বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।মান্দায় আত্রাই নদের বানডুবি ঘাট থেকে মিঠাপুর বাজার এবং শাখা যমুনায় বদলগাছী উপজেলার এনায়েতপুর থেকে নওগাঁ সদরের দওয়ের ঘাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারজুড়ে অসংখ্য ঘেরজাল ও বাঁশের বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় স্থানীয় মৎস্যজীবীরা নদীতে জাল ফেলতে পারছেন না। অথচ এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি মৎস্য আইনের পরিপন্থী।স্থানীয় লোকজন জানান, গত সেপ্টেম্বর থেকে নদীতে জাল ও বাঁশের বাঁধ দেওয়া শুরু করেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। পরে তা ধীরে ধীরে বাড়তে থাকে। মান্দার বৈদ্যপুর গ্রামের আফসার আলী, সোনাপুর মৎস্যজীবী সমিতির সহসভাপতি মকছেদ আলী ও বাগাতিপাড়ার ইসমাইল হোসেনসহ আরও অনেকে জানান, আত্রাই নদের জোতবাজারে প্রদীপ হাওলাদার, দওয়ের ঘাটে হুমায়ন কবির, খুদিয়াডাঙ্গায় উজ্জ্বল সরকার ও রবীন্দ্রনাথ সরকার, নুরুল্লাবাদে রকেট, গোপীনপুরে আবদুর রাজ্জাক, কালিকাপুরে হারুনর রশীদ, বাগাতিপাড়ায় সিরাজুল ইসলাম ও দক্ষিণ পারইলে খয়বর আলী এবং শাখা যমুনার এনায়েতপুরে আবদুল জব্বারসহ মান্দা উপজেলা প্রশাসনে কর্মরত কয়েকজন কর্মচারী নদীর বিভিন্ন স্থানে এসব প্রতিবন্ধকতা তৈরি করেছেন। মান্দা সদরের উজানে বানডুবি ঘাট থেকে ভাটির মিঠাপুর বাজার পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটারে আত্রাই নদের বেশির ভাগ স্থানে নিষিদ্ধ ঘেরজাল ও বাঁশের বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। শাখা যমুনা নদীর নওগাঁ সদরসহ বদলগাছী উপজেলার প্রায় ১৩ কিলোমিটার অংশে ঘেরজাল ও বাঁশের বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। সরেজমিনে মান্দার মিঠাপুর থেকে বানডুবি ঘাট এবং নওগাঁ সদরের দওয়ের ঘাট থেকে বদলগাছীর এনায়েতপুর বাজার পর্যন্ত আত্রাই ও শাখা যমুনা নদী ঘুরে দেখা গেছে, মাছ শিকারের জন্য নদীতে দেড় শতাধিক ঘেরজাল ও বাঁশের বাঁধ দেওয়া হয়েছে। এ কারণে নদীতে যান চলাচল ব্যাহত হচ্ছে। মান্দার নূরুল্লাবাদ-চকরাজাপুর মৎস্যজীবী সমিতির সহসভাপতি রহিম বক্স ও নওগাঁর চাকলা গ্রামের মৎস্যজীবী জাইদুল ইসলাম জানান, ঘেরজাল ও বাঁশের বাঁধের ভেতরে সুস্বাদু খাবার দিয়ে কয়েক দিন পরপর মাছ ছেঁকে তুলছেন প্রভাবশালী ব্যক্তিরা। রহিম বক্স বলেন, এ ব্যাপারে বিভিন্ন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে অভিযোগ করা হয়েছে। কিন্তু প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মান্দার সোনাপুর মৎস্যজীবী সমিতির সহসভাপতি মকছেদ আলী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের কয়েকজন কর্মচারীও নদীতে এভাবে মাছ ধরায় জড়িত। মান্দার জোতবাজার গ্রামের প্রদীপ হাওলাদার ও দক্ষিণ পারইল গ্রামের খয়বর আলী এবং বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামের আবদুল জব্বারসহ কয়েকজনের কাছে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তাঁরা নদীতে ঘেরজাল ও বাঁশের বাঁধ দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, নদীর কিনারায় কাঠা (নদীতে জাল বা বাঁশের বেড়া দিয়ে ঘিরে সেখানে গাছের ডালপালা ফেলে রাখা) দেওয়া নিষিদ্ধ কোনো বিষয় নয়। তা ছাড়া অনেক আগে থেকেই এই ধারা চালু থাকায় এ বছর তাঁরা ঘেরজাল ও বাঁশের বেড়া দিয়ে মাছের অভয়াশ্রম (অস্থায়ী) তৈরি করেছেন বলে দাবি করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘নদীতে এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি মৎস্য আইনের পরিপন্থী। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।’ মান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা সুনীল মণ্ডল জানান, সীমিত জনবলসহ বিভিন্ন কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না। মান্দার ইউএনও মুন্সী মনিরুজ্জামান বলেন, মৎস্যজীবীদের অভিযোগ শুনে সপ্তাহ খানেক আগে নিষিদ্ধ ঘেরজাল ও বাঁশের বাঁধ অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে। এর পরও যদি কেউ নদীতে ঘেরজাল অথবা বাঁশের বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখেন, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা অপসারণ করা হবে। তিনি বলেন, তাঁর দপ্তরের কোনো কর্মচারী ওই দখল প্রক্রিয়ায় জড়িত—এমন অভিযোগ তিনি পাননি।