নওগাঁয় নিজ ঘরে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইকড়া গ্রামে অহিরোন নামের এক গৃহবধূ গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে খুন হয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর স্বামী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারের অভাব-অনটন নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে নুরুল (৩২) ও অহিরোনের (২২) মধ্যে কলহ হয়। পরে পরিবারের অন্য সদস্যরা তাঁদের বুঝিয়ে শান্ত করেন। একপর্যায়ে স্বামী-স্ত্রী নিজেদের ঘরে ঘুমাতে যান।নুরুলের বড় ভাই সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, উভয়ে একসঙ্গে ঘরে ঢুকে চুপচাপ থাকেন। কিন্তু রাত ১২টার দিকে এক ধরনের গোঙানির শব্দ পেয়ে তিনি তাঁর ভাইয়ের ঘরে ঢুকে দেখেন অহিরোনের মরদেহ মেঝেতে পড়ে আছে। নুরুল ঘরেই বসে আছেন। পরে গ্রামের লোকজন খবর পেয়ে নুরুলকে আটক করে।ধারণা করা হচ্ছে, অহিরোনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।গতকাল বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এ ছাড়া রক্তমাখা রডটিও জব্দ করেছে পুলিশ।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, এ ঘটনায় নুরুলের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। নুরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।