নওগাঁয় নৈশপ্রহরী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

নওগাঁয় নৈশপ্রহরী আতাউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আতিকুর রহমান ওরফে শীতল ও বাদল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির রংপুর ও খুলনা বিভাগের ডিআইজি শেখ নাজমুল আলম।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৯ মে নওগাঁ শহরের মুক্তির মোড়ে ইডেন অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের ভেতর নৈশপ্রহরী আতাউর রহমানকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আতিকুর রহমান খান ওরফে শীতলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হত্যার কারণ সম্পর্কে সিআইডি বলছে, রেস্টুরেন্টে নৈশপ্রহরী আতাউর ও সহকারী বাবুর্চি বাদল সেদিন রেস্টুরেন্টের তিনতলায় ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে রেস্টুরেন্টের প্রধান বাবুর্চি এসে দরজা বন্ধ দেখতে পান। পরে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে নৈশপ্রহরী আতাউরের লাশ পাওয়া যায়। তবে আত্মগোপনে চলে যান সহকারী বাবুর্চি বাদল। পরে সিআইডি বাদলকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করে।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত আতিকুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়। কথা-কাটাকাটির জের ধরে নৈশপ্রহরী আতাউরকে খুন করেন আসামি আতিকুর রহমান। হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত আছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সিআইডির কর্মকর্তারা।