নওগাঁয় পাকুড়িয়া দিবস পালিত
শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে গতকাল বুধবার নওগাঁর মান্দায় পাকুড়িয়া দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৮ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় শহীদ হন ১২৮ জন। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় নওগাঁ একুশে উদ্যাপন পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নওগাঁ জেলা ও মান্দা উপজেলা কমিটি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সেখানে কমিউনিস্ট পার্টির মান্দা উপজেলা কমিটির সভাপতি আবদুস সোবহানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নওগাঁ জেলা কমিটির সভাপতি আতাউল হক সিদ্দিকী, একুশে উদ্যাপন পরিষদের সভাপতি দেওয়ান আবদুল বারী, কমিউনিস্ট পার্টির নওগাঁ জেলা কমিটির সভাপতি প্রদ্যুৎ ফৌজদার, সাধারণ সম্পাদক মহসীন রেজা, মান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রতন ফণী প্রমুখ। বক্তারা অবিলম্বে পাকুড়িয়া শহীদদের কথা মুক্তিযুদ্ধের দলিলে লিপিবদ্ধ করা, স্মৃতি রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ ও দিবসটি সরকারি পর্যায়ে পালনের দাবি জানান। দুপুরে গ্রামবাসী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করে।