নওগাঁয় পুলিশের লাল গোলাপ শুভেচ্ছা
আগ্নেয়াস্ত্র বা লাঠি নয়; ফুল হাতে নওগাঁর রাস্তার মোড়ে মোড়ে পুলিশ। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব ঘোচাতে গতকাল মঙ্গলবার বিশ্ব ভালোবাসা দিবসে পথচারী, গাড়িচালক ও যানবাহনের যাত্রীদের হাতে লাল গোলাপ তুলে দেন পুলিশের এসব সদস্য।
সকাল ১০টায় পুলিশ লাইনস-সংলগ্ন প্রধান রাস্তায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের হাতে ফুল তুলে দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক। এ সময় তাঁর সঙ্গে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে শহরের মুক্তির মোড়, বাটার মোড়, তাজের মোড় ও ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
এসপি মোজাম্মেল হক বলেন, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা মজবুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে পুলিশের হঠাৎ এ রকম আচরণে পথচারীরা বিস্ময় প্রকাশ করেছেন। মুক্তির মোড়ে পুলিশের ফুলেল শুভেচ্ছা পাওয়ার পর স্থানীয় একটি বেসরকারি কলেজের প্রভাষক রাশেদুল ইসলাম বলেন, ‘নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। আমার ভালো লেগেছে। তবে সারা বছর পুলিশ সদস্যরা ফুল না দিলেও ভালো আচরণ করবেন বলে প্রত্যাশা করি।’