নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার তিনজনের মৃত্যু হয়েছে। মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের খামারবাড়ী এবং সাপাহার উপজেলার সাপাহার-সারাইগাছী সড়কের তাজপুর মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়ন থেকে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট বসানোর মালামাল নিয়ে চার্জার ভ্যানের চালক লিটন হোসেন (২৭) দুই শ্রমিকসহ নওগাঁ সদরের দুবলহাটিতে যাচ্ছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের খামারবাড়ী এলাকায় বেলা ১১টার দিকে মান্দার ফেরিঘাট থেকে ঢাকা অভিমুখী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক লিটন মারা যান।
ভ্যানে থাকা দুই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে এনামুল হক (২৮) নামের এক শ্রমিক মারা যান।
মাহফুজ হোসেন (৩০) নামে অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এনামুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘুরঘাটা গ্রামের মোজ্জামেল হকের ছেলে। মাহফুজ একই উপজেলার জাহাঙ্গীরাবাদ গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে সরিয়ে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
নওহাঁটা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাকিম উদ্দিন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়। নিহত তিনজনের লাশ নওহাঁটা পুলিশ ফাঁড়িতে নেওয়ার পর বিকেলে তাঁদের স্বজনেরা নিয়ে যান।
এদিকে সাপাহার-সারাইগাছী সড়কের নিশ্চিন্তপুর বাজারের কাছে তাজপুর মোড়ে সকাল ১০টার দিকে যাত্রীবাহী একটি বাস একটি চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নাজির উদ্দিন (৭০) নামে ভ্যানের এক যাত্রী নিহত হন। এ ঘটনায় চার্জের ভ্যানের চালক উপজেলার তলাপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে মফিজ উদ্দীন (৩০) ও ভ্যানের যাত্রী উপজেলার সেনপুর গ্রামের লাল মোহাম্মেদের ছেলে আবদুল মজিদ (৪০) গুরুতর আহত হন।
আহত ব্যক্তিরা সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, পোরশার সারাইগাছী থেকে যাত্রীবাহী একটি বাস সাপাহারের উদ্দেশে যাচ্ছিল। সকাল ১০টার দিকে একটি চার্জার ভ্যান গ্রামের মেঠোপথ থেকে সারাইগাছী-সাপাহার সড়কে ওঠার সময় বাসটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের এক যাত্রী মারা যান। নিহত ব্যক্তির লাশ স্বজনেরা থানা থেকে নিয়ে গেছেন।