নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত
নওগাঁর মহাদেবপুর উপজেলার পয়নারী মোড় নামক স্থানে গতকাল সোমবার দুপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় আলিফা বিবি (৪০) ও আঙ্গুর বেগম (২০) নামে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কানলা গ্রামের আবু হোসেন একটি মোটরসাইকেলে তাঁর স্ত্রী, শাশুড়ি ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি বদলগাছি যাচ্ছিলেন। এ সময় সাধারণ পরিবহন নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলিফা বিবি ও আঙ্গুর বেগম মারা যান। এ ঘটনায় আবু হোসেন ও তাঁর চার বছরের মেয়ে সুবর্ণা গুরুতর আহত হয়। ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বদলগাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমানসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। এর আগে বেলা ১১টার দিকে বদলগাছির পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় জয়পুরহাটগামী একটি বালুবোঝাই ট্রলিকে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই ট্রলির চালক রুবেল (২০) ঘটনাস্থলেই মারা যান।