নওগাঁয় ফল ঘোষণার সময় আ.লীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আওয়ামী লীগের সমর্থকদের হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পৌর নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়েছে। এ সময় বিএনপির বেশ কয়েকজন সমর্থক আহত হন।
গতকাল রাত নয়টার দিকে নওগাঁ পৌরসভার ৪০টি কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ২১টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। সে ফলাফল অনুযায়ী বিএনপি-সমর্থিত প্রার্থী নজমুল হক প্রায় দুই হাজার ভোটে এগিয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী দেওয়ান ছোকার আহমেদের সমর্থক ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ডিসি কার্যালয়ের সভাকক্ষে ঢুকে ফলাফল ঘোষণা বন্ধ করতে বলেন।
এরপরও রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করতে চাইলে তাঁরা সভাকক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা ফলাফল ঘোষণা বন্ধ করে ডিসির কক্ষে ঢোকেন।
এ সময় আওয়ামী লীগের সমর্থকদের হামলায় বিএনপির নেতা আশিক ইকবাল, জুলহাজুর ইসলামসহ বিএনপির পাঁচজন সমর্থক আহত হন। প্রায় আধা ঘণ্টা ধরে ডিসি কার্যালয়ে ভাঙচুর চলে। পরে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবির সদস্য এসে আওয়ামী লীগের সমর্থকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রাত পৌনে নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আমীরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফলাফল রাতেই ঘোষণা করা হবে।’ তবে রাত পৌনে ১২টা পর্যন্ত ভোট গণনা
শুরু হয়নি।