নওগাঁয় ফিলিং স্টেশনে বিস্ফোরণ, সাতজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলা সদরে ন্যাশনাল ফিলিং স্টেশন নামে একটি তেলের পাম্পে বিস্ফোরণে ঘটনায় সাতজন দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহানুল ইসলাম বলেন, ট্যাংকলরি থেকে পাইপের মাধ্যমে পাম্পের ট্যাংকে তেল ভরার সময় চাপের কারণে পাইপ ফেটে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ট্যাংকলরি ও পাম্পের গোডাউনের পুরোটাই পুড়ে হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আটটার দিকে একটি ট্যাংকলরি থেকে ফিলিং স্টেশনের ট্যাংকে পাইপ দিয়ে তেল ভরার সময় বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে পাম্পের মালিক আকতার হোসেনের ছেলে মাসুম পারভেজ, কর্মচারী শিবচরণ, শিমুল, সাইফুল, তওহিদ, লরিচালক জুয়েল বাবু ও তাঁর সহকারী খায়রুল হক গুরুতর দগ্ধ হন। মাসুম, জুয়েল ও খায়রুলের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ ব্যক্তিদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
বিস্ফোরণের পর দ্রুত আশপাশের লোকজন এগিয়ে এসে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মাসুম ও তওহিদকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এবং খায়রুল, সাইফুল ও শিবচরণকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাম্পের মালিক বলেন, ট্যাংকলরি থেকে ফিলিং স্টেশনের পাম্পে তেল ভরার সময় হঠাৎ বিস্ফোরণে তেলবাহী ট্যাংকলরি, স্টেশনের তেলের ট্যাংক ও একতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে উপস্থিত তাঁর ছেলেসহ অন্যরা ঝলসে যান। প্রায় এক ঘণ্টা পর জয়পুরহাট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁর দাবি, বিস্ফোরণে পাম্পের প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ধামইরহাটের ইউএনও সফিউজ্জামান ভূঁইয়া বলেন, বিস্ফোরণের খবরটি তাৎক্ষণিকভাবে তিনি ফায়ার সার্ভিসকে জানান।