নওগাঁয় ফুলকপি আবাদ করে লোকসানের মুখে কৃষক
ফুলকপির আবাদ করে এবার লোকসানের মুখে পড়েছেন নওগাঁর কৃষক। গত মৌসুমে দাম ভালো থাকায় এবার বেশি জমিতে কপির আবাদ হয়েছে। এ ছাড়া অনুকূল আবহাওয়া থাকায় এ উৎপাদনও হয়েছে বেশি। কিন্তু বাজারে দাম না থাকায় লোকসানের মুখে পড়েছেন কৃষক।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁর বিভিন্ন পাইকারি বাজারে একেকটি বড় ফুলকপির দাম উঠেছে সর্বোচ্চ সাড়ে তিন টাকায়। গত বছর এ দর ছিল ১৪ থেকে ১৫ টাকা। গতকাল রোববার বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে বড়, মাঝারি ও ছোট একটি কপির গড় দাম ওঠে সর্বোচ্চ দুই টাকা ৪০ পয়সা থেকে আড়াই টাকা।ভান্ডারপুর বাজারের পাইকার বাবুল চন্দ্র রায় ও নাজমুল হক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সারা দেশে কপির উৎপাদন ভালো হয়েছে। তা ছাড়া অন্যান্য বছরের তুলনায় এ বছর নতুন নতুন এলাকায় ফুলকপির আবাদ হওয়ায় এবং দেশব্যাপী একই সঙ্গে কপি তোলায় দাম কমে গেছে। ঢাকার আমিনবাজার এলাকার পাইকার বাবুল চন্দ্র আরও জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন সবজির আড়ত থেকে কয়েক দিন ধরে এক কেজি ফুলকপির পাইকারি দাম পাওয়া যাচ্ছে আট থেকে সাড়ে আট টাকা। অথচ নওগাঁ থেকে কেনা কপি চট্টগ্রামের পাইকারি বাজারে সরবরাহ করতে পরিবহন খরচসহ অন্যান্য খরচ ধরে প্রতি কেজি কপির দাম পড়ছে প্রায় সাড়ে নয় টাকার মতো।বদলগাছী উপজেলার কোলার পালশা গ্রামের কৃষক আলীমুদ্দিন জানান, একেক বিঘা জমিতে কপি চাষ করতে প্রায় ১২ হাজার টাকার মতো খরচ হয়। ওই খরচে এক বিঘা জমি থেকে কপি পাওয়া যায় সর্বোচ্চ আড়াই হাজারটি। এর মধ্যে ছোট, বড় ও মাঝারি আকারের কপি থাকে। অন্যান্য বছর এক বিঘা জমির কপি বিক্রি করে ২৭ থেকে ২৮ হাজার টাকা পাওয়া যেত। কিন্তু এ বছর কপির দাম পড়ে যাওয়ায় সব মিলিয়ে দাম পাওয়া যাচ্ছে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা।বদলগাছী উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুর রহমান জানান, এ বছর বদলগাছী উপজেলায় প্রায় দেড় হাজার একর জমিতে কপির আবাদ হয়েছে। এর মধ্যে ফুলকপি চাষ হয়েছে প্রায় পাঁচ শ একরে। অবশিষ্ট জমিতে বাঁধাকপির আবাদ হয়েছে। এর বাইরে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল, হাঁপানিয়া, কির্ত্তীপুর, বাচারীগ্রাম ও দুবলহাটি ইউনিয়নের কপি আবাদি জমিসহ জেলায় প্রায় চার হাজার ৫০০ একর জমিতে এ বছর কপির চাষ হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল চার হাজার ১০০ একর। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দপ্তরের হিসাব অনুসারে এ বছর জেলায় প্রায় ৪০০ একর জমিতে কপির আবাদ বেশি হয়েছে। ফলে পাইকারি বাজারে কপির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কপির বাজারমূল্য কমে গেছে। তা ছাড়া এ বছর কপি চাষের জন্য আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হয়েছে, এটিও মূল্যহ্রাসের আরেকটি কারণ বলে দাবি করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্বাস আলী।