নওগাঁয় বজ্রপাতে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা, রানীনগর ও পত্নীতলা উপজেলায় গতকাল সোমবার বজ্রপাতে মহিলাসহ চারজন মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন। গ্রামবাসী ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মান্দা উপজেলার দীঘিরপাড় ও উত্তর কালিকাপুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দীঘিরপাড় গ্রামের নাসের আলীর স্ত্রী মল্লিকা বিবি ও উত্তর কালিকাপুর গ্রামে ঈমান আলীর ছেলে কামরুজ্জামান মারা যান। এ সময় সাদেক আলী নামের এক কৃষক আহত হন। তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে রানীনগর উপজেলার বড় চাপড়া গ্রামে বজ্রপাতে ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ওহিদুল ইসলাম মারা যান। ঘটনার সময় তিনি গ্রামের মাঠে যুবকদের সঙ্গে ফুটবল খেলছিলেন। বজ্রপাতে আরও তিন যুবক আহত হয়েছেন। তাঁরা হলেন: বড় চাপড়া গ্রামের আনোয়ারের ছেলে নাহিদ, আফাজ উদ্দিনের ছেলে বাদশা ও মালেকের ছেলে আবদুল মতিন। এদিকে গতকাল দুপুর ১২টার দিকে পত্নীতলা উপজেলার কামাসপুর গ্রামে বজ্রপাতে মকলেছুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গ্রামবাসী জানায়, ঘটনার সময় তিনি মাঠে কাজ করছিলেন।