নওগাঁয় বাঁধ ভেঙে ভেসে গেছে ৬০০ পুকুরের মাছ
নদীর বাঁধ ভেঙে বন্যায় নওগাঁ সদর, রানীনগর ও আত্রাই উপজেলার ছয় শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন মৎস্যচাষিরা। মৎস্যচাষিরা দাবি করেছেন, এতে তাঁদের দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
কয়েকজন মৎস্যচাষির সঙ্গে কথা বলে জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢলের পানির চাপে গত বৃহস্পতিবার সকালে নওগাঁ-আত্রাই সড়কের মিরাপুরসহ তিনটি স্থানে বন্যানিয়ন্ত্রণের সড়ক ও বেড়িবাঁধ ভেঙে যায়। ফলে আকস্মিক বন্যায় প্লাবিত হয়ে ওই তিন উপজেলার ১৫টি ইউনিয়নের আমন ধানসহ অন্যান্য ফসলের ক্ষতির পাশাপাশি ছয় শতাধিক পুকুরের মাছ ভেসে যায়। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রানীনগরের কাশিমপুর, গোনা, চাপড়া, আত্রাইয়ের বহলা, লক্ষ্মীপুর, সাহাগোলা এলাকা। মাছ বন্যার পানিতে ভেসে যাওয়ায় পুকুরের মালিক ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে হাহাকার দেখা দিয়েছে। পুকুরের মাছ হারিয়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির কারণে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।
বহলা গ্রামের মৎস্যচাষি আবদুল মজিদ মণ্ডল জানান, তাঁর ২৫টি পুকুরের বিভিন্ন প্রজাতির রুই, কাতলা, ব্রিগেড, সিলভার কার্প মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে তাঁর আর্থিক ক্ষতি হয়েছে প্রায় সোয়া কোটি টাকা। সাহাগোলা গ্রামের বিপুল চন্দ্রসহ বেশ কয়েকজন মৎস্যচাষি জানান একই রকম ক্ষতির কথা। শুধু বহলা গ্রামেরই শতাধিক পুকুরের মাছ ভেসে নিয়ে গেছে বন্যার পানি। মাছ ভেসে যাওয়ায় ওই এলাকার পাঁচ শতাধিক মৎস্যচাষি পরিবারের পথে বসার উপক্রম হয়েছে।
রানীনগরের কাশিমপুর ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী মো. আবদুল মান্নান জানান, শুধু রানীনগর ও আত্রাই উপজেলায় ছোট-বড় প্রায় আড়াই হাজার পুকুরে প্রতিবছর বিভিন্ন প্রজাতির মাছের চাষ হয়। এ আকস্মিক বন্যায় সরাসরি ক্ষতির মুখে পড়েছে ছয় শতাধিক পুকুর। বন্যার পানিতে মাছ ভেসে যাওয়ায় মৎস্যচাষিদের ক্ষতি হয়েছে কমপক্ষে দুই শ কোটি টাকা।
বন্যার মৎস্যচাষিদের বিপুল পরিমাণ ক্ষতির কথা স্বীকার করে নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ প্রথম আলোকে জানান, মৎস্য কার্যালয়ের হিসাব অনুযায়ী তিনটি উপজেলার ১৫টি ইউনিয়নের ৬৫১টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে মৎস্যচাষিরা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। ক্ষতিপূরণ বা বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করার জন্য সরকারের ঊর্ধ্বতন মহলে এ তালিকা পাঠানো হবে।