নওগাঁয় বাক্স ভেঙে দরপত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় সিভিল সার্জন কার্যালয়ে পুলিশের সামনেই গতকাল সোমবার বাক্স ভেঙে দরপত্র ছিনতাই করেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে সিভিল সার্জন আলাউদ্দীন আলী বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেছেন।
আলাউদ্দীন আলী জানান, নওগাঁ সদর হাসপাতালে ওষুধ, অস্ত্রোপচার সামগ্রী, গজ-ব্যান্ডেজ, আসবাবপত্রসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য সরবরাহের জন্য প্রায় সোয়া দুই কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। গতকাল দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। সে অনুযায়ী কার্যালয়ের সামনে পুলিশ প্রহরায় রাখা একটি বাক্সে ঠিকাদারেরা দরপত্র জমা দিচ্ছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী এসে পুলিশের উপস্থিতিতেই ওই বাক্স ভেঙে দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়।
সিভিল সার্জন আরও জানান, তিনি বিষয়টি জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খানকে জানিয়েছেন। এ ছাড়া তিনি বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, দুজন পুলিশ দরপত্র বাক্সটি পাহারার কাজে নিয়োজিত ছিল। কিন্তু সন্ত্রাসীরা সংখ্যায় অনেক বেশি থাকায় তারা কিছু করতে পারেনি। দরপত্র ছিনতাইকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক বলে ধারণা করা হচ্ছে। তবে সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।